রাজধানীর হোটেল নিউইয়র্কের ব্যবস্থাপকের ঝুলন্ত লাশ উদ্ধার

রাজধানীর সেগুনবাগিচার ৩১ তোপখানা রোডের হোটেল নিউইয়র্ক থেকে আবুল কালাম আজাদ (৪৩) নামে একজনের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। পরিবার ও পুলিশের ধারণা, তিনি আত্মহত্যা করেছেন। আজাদ ওই হোটেলের ব্যবস্থাপক ছিলেন। তার বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার তুলাচারা গ্রামে।

শাহবাগ থানার এসআই মোহাম্মদ মনসুর আহমেদ বলেন, ‘রাত ১২টার দিকে জানানোর পর ২টার দিকে হোটেলের পাঁচতলার একটি রুম থেকে আজাদের লাশ উদ্ধার করে পুলিশ। হোটেল কর্র্তৃপক্ষ জানায়, তিনি হোটেলের ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। শনিবার বিকেল ৫টা পর্যন্ত ডিউটি ছিল। তবে দুপুর ১২টার পর থেকে হোটেলে তাকে কেউ দেখেনি। রাত ১১টার দিকে হোটেলের এক কর্মচারী ছাদে বাবুর্চির থাকার রুমে গেলে সেখানে লোহার অ্যাঙ্গেলের সঙ্গে লুঙ্গি দিয়ে ফাঁস লাগানো অবস্থায় তাকে ঝুলতে দেখে।’

নিহতের খালাতো ভাই বেলাল জানান, পরিবার নিয়ে পূর্ব রামপুরায় একটি ভাড়া বাসায় থাকতেন আজাদ। চলতি মাসের ১০ তারিখে হোটেলটির ম্যানেজারের চাকরি নেন। তিনি সংসারের খরচ, সন্তানদের লেখাপড়ার ব্যয় এসব নিয়ে মানসিক দুশ্চিন্তায় ছিলেন। ধারণা করা হচ্ছে, এ কারণেই আজাদ আত্মহত্যা করেছেন।

স্ত্রী জান্নাতুল ফেরদৌস বলেন, ‘শনিবার সকালেও ফোনে কথা হয়। স্বাভাবিকভাবেই কথা বলেছে। বিকেলে বাসায় না ফিরলে ফোন করি। কিন্তু সে আর ফোন ধরেনি। পরে হোটেল থেকে মৃত্যুর সংবাদ জানানো হয়েছে। দুশ্চিন্তা থেকে সে আত্মহত্যা করতে পারে।’