মামুনের ‘গ্রেপ্তার অস্বীকার করায়’ ফখরুলের উদ্বেগ

বিএনপির নির্বাহী কমিটির সদস্য হাসান মামুনকে ‘গ্রেপ্তারের’ বিষয়টি র‌্যাব ‘অস্বীকার করায়’ গভীর উদ্বেগ প্রকাশ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে মামুনকে সুস্থ অবস্থায় জনসমক্ষে হাজির করে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন তিনি। গতকাল রবিবার বিএনপির সহদপ্তর সম্পাদক মুনীর হোসেন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে ফখরুলের উদ্বেগ ও দাবির কথা জানানো হয়।

গত শনিবার রাত ১১টার দিকে রাজধানীর শান্তিনগরের বাসা থেকে হাসান মামুনকে র‌্যাবের পোশাক পরা লোকজন তুলে নিয়ে যায় বলে দাবি করেন তার স্ত্রী। তিনি জানান, প্রশ্নপত্র ফাঁসচক্রের সঙ্গে জড়িত অভিযোগে মামুনকে নিয়ে যাওয়ার কথা বলেছে র‌্যাব-৩। বিএনপির মহাসচিব বলেন, সরকার সারা দেশে ভয়ের সংস্কৃতি প্রতিষ্ঠা করেছে। ৩০ ডিসেম্বরের আগের রাতে ভোট ডাকাতির মাধ্যমে ক্ষমতাসীন গোষ্ঠী জনগণকে ভীত-সন্ত্রস্ত রেখে তাদের নিষ্ঠুর শাসন বলবৎ রাখতেই বিরোধী নেতাকর্মীদের গুমের মাধ্যমে ভয়ংকর কর্মকাণ্ড চলমান রেখেছে।