হারের ব্যাখ্যা দিলেন পাকিস্তান অধিনায়ক

ম্যাচের আগেই ছিল যত উত্তেজনা। কিন্তু মাঠের লড়াইয়ে দেখা গেল না এর কিছুই। একপেশে লড়াইয়ে জয় ভারতের। বিশ্বকাপ মঞ্চে সাতবারের লড়াইয়ে চির প্রতিদ্বন্দ্বীদের কাছে সাতবারই হারলো পাকিস্তান।

ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে রোববার টিম ইন্ডিয়ার কাছে ৮৯ রানে হারে পাকিস্তান। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ডাকওয়ার্থ ও লুইস পদ্ধতিতে ৩০২ রানের লক্ষ্য পায় সরফরাজ আহমেদের দল। ৬ উইকেটে ২১২ রানে থামে তারা।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে হারের ব্যাখ্যায় পাকিস্তান অধিনায়ক সরফরাজ বলেন, “আমরা টস জিতে যে পরিকল্পনা অনুসারে বোলিং করতে চেয়েছি সেটা পারিনি। তাছাড়া রোহিত খুব ভালো ব্যাটিং করেছে। আমাদের পরিকল্পনা ছিল রোহিতকে দ্রুত আউট করার। কিন্তু আমরা সেটা করতে পারিনি। পরাজয়ে এটাও একটা বড় কারণ।”

“আমরা আর্দ্রতার কারণে দুই স্পিনারকে বেছে নিয়েছি। কিন্তু আমাদের চেয়ে ভারতীয়রা ব্যাটিং এবং বোলিং দুই বিভাগেই সফল হয়েছে।”

পরাজয়ের টার্নিং পয়েন্ট নিয়ে সরফরাজ বলেন, ‘আমরা এক উইকেটে ১১৭ রান করার পর ২৪-২৭ এই চার ওভারে মাত্র ১২ রানের ব্যবধানে ৪ ব্যাটসম্যানের উইকেট হারিয়েছি। সেটাই ছিল আমাদের পরাজয়ের টার্নিং পয়েন্ট।”

এই হারে পাকিস্তান শিবির হতাশ বলে জানালেন সরফরাজ, “এটা নিঃসন্দেহে খুবই হতাশার ছিল এবং মনোবল ভাঙ্গার মতো একটি পরাজয়।”