ইসলামী বিশ্ববিদ্যায়ের (ইবি) অধীন ফাযিল স্নাতক ২য় বর্ষ (অনিয়মিত) পরীক্ষা-২০১৬ ও ফাযিল স্নাতক ৩য় বর্ষ পরীক্ষা-২০১৭ এবং কামিল স্নাতকোত্তর ২য় বর্ষ (অনিয়মিত) পরীক্ষা-২০১৬ এর ফলাফল প্রকাশিত হয়েছে। সোমবার বেলা সাড়ে ১২টায় উপাচার্যের কার্যালয়ে কর্তৃপক্ষের কাছে ফলাফল হস্তান্তর করেন ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক এ কে আজাদ লাবলু।
পরীক্ষা নিয়ন্ত্রক সূত্রে জানা গেছে, ফাযিল স্নাতক ২য় বর্ষ (অনিয়মিত) পরীক্ষা-২০১৬ এ মোট ৪ হাজার ৬ শত ৫৬ শিক্ষার্থীর মধ্যে ৪ হাজার ৪ শত ২১জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে ৩ হাজার ৭ শত ২২ শিক্ষার্থী পাস করেছে। পাসকৃত শিক্ষার্থীদের ২ হাজার ৫শত ৫১জন ছাত্র এবং ১ হাজার ১শত ৭১ জন ছাত্রী। পাসের হার ৮৪.১৯ শতাংশ।
এছাড়াও ফাযিল স্নাতক ৩য় বর্ষ পরীক্ষা-২০১৭ এ মোট ৪৫ হাজার ৯২১জন শিক্ষার্থীর মধ্যে ৪৫ হাজার ২৯৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে পাস করেছে ৪৪ হাজার ৪৩৫জন শিক্ষার্থী। পাসকৃত শিক্ষার্থীর ২৯ হাজার ৬১৮ জন ছাত্র এবং ১৪ হাজার ৮১৭জন ছাত্রী রয়েছে। এতে পাসের হার ৯৮.১০ শতাংশ।
এদিকে কামিল স্নাতকোত্তর (অনিয়মিত) ২য় পর্ব পরীক্ষায় মোট ৯৯৫ জন শিক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করে ৯৫৪জন শিক্ষার্থী। পাস করেছে ৮৫১জন। পাসকৃত শিক্ষার্থীর মধ্যে ৫৩৫ জন ছাত্র এবং ৩১৬জন ছাত্রী। পাসের হার ৮৯.২০ শতাংশ।
পরীক্ষার ফলাফল বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েব সাইটে (www.iu.ac.bd.com) এ পাওয়া যাচ্ছে।
ফল প্রকাশের সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারী, উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, থিওলজি এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. আকবর হোসেন, অধ্যাপক ড. এমতাজ হোসেন, অধ্যাপক ড. মাহবুবর রহমান, অধ্যাপক ড. মেহের আলী, দায়িত্বপ্রাপ্ত প্রক্টর ড. আনিছুর রহমান, উন্নয়ন ও পরিকল্পনা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক আলী হাসানসহ পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।