গুলি করে মসজিদের টাকা ছিনতাই করেছে ডাকাতরা। গত শুক্রবার দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ শহরে এ ঘটনা ঘটেছে।
স্থানীয় সংবাদমাধ্যম দ্য সাউথ আফ্রিকান জানায়, শুক্রবার বিকেল প্রায় ৩ টার সময় একটি সিকিউরিটি কোম্পানি মসজিদের টাকা নিয়ে যাচ্ছিল। মসজিদ সংলগ্ন নিউ টাউন স্ট্রিটে গাড়িটি আটকিয়ে এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে ডাকাতরা।
এ সময় ডাকাতরা মসজিদের টাকা ভর্তি বাক্স নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। ডাকাতির সময় একটি কালো রঙের মার্সিডিজ বেঞ্জ সিদান গাড়ি ব্যবহার করে তারা।
পুলিশ জানিয়েছে, গোলাগুলির সময় একজন নিরাপত্তাকর্মী আহত হয়েছেন। এ সময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পুলিশ মুখপাত্র কর্নেল লুঙ্গেলো ডলামিনি জানান, এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে ডাকাতিতে ব্যবহৃত মার্সিডিজ বেঞ্জ সেদান গাড়িটির সন্ধান করা হচ্ছে বলে তিনি জানান।
ঘটনাটিকে গুরুত্বের সঙ্গে নিয়েছে স্থানীয় প্রশাসন। দুষ্কৃতকারীদের সম্পর্কে কেউ তথ্য দিতে পারলে সংশ্লিষ্ট ব্যক্তিকে পুরস্কৃত করা হবে বলেও পুলিশ মুখপাত্র জানান।
উল্লেখ্য, মসজিদের ফান্ডে বিগত রমজানসহ বিভিন্ন সময়ে সংগৃহীত অর্থ একটি সিকিউরিটি কোম্পানির মাধ্যমে ব্যাংকে রাখা হয়। মসজিদ থেকে সেই অর্থ ব্যাংকে নিয়ে যাওয়ার সময় এ ডাকাতির ঘটনা ঘটে।