মার্কিন নিষেধাজ্ঞায় ৪০ শতাংশ বিক্রি কমে গেছে হুয়াওয়ে ফোনের

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরোপের ফলে বড় ধরনের ধাক্কার মুখে পড়েছে চীনা টেলিকম কোম্পানি হুয়াওয়ে। ইতিমধ্যে আন্তর্জাতিক বাজারে প্রতিষ্ঠানটির মোবাইল ফোনের বিক্রি কমে গেছে অন্তত ৪০ শতাংশ।

বিবিসি বাংলা জানায়, বিক্রি কমে যাওয়ায় উৎপাদনও কমিয়ে দিচ্ছে হুয়াওয়ে। চীনা প্রযুক্তি জায়ান্টটির প্রতিষ্ঠাতা রেন ঝেংফেই খারাপ হয়ে যাওয়া একটি বিমানের সঙ্গে  তুলনা করেছেন নিজের প্রতিষ্ঠানকে।

তিনি বলেন, “মার্কিন সরকার যে হুয়াওয়ে কোম্পানির বিরুদ্ধে এত কঠোর পদক্ষেপ নেবে তা তারা আন্দাজ করতে পারেননি।”

হুয়াওয়ে এখন বিশ্বের সবচেয়ে বড় টেলিকম যন্ত্রপাতি নির্মাতা। এ ছাড়া স্মার্টফোন নির্মাতা হিসেবে বিশ্বে তাদের স্থান দ্বিতীয়। বিশ্ববাজারে সবচেয়ে বেশি মোবাইল হ্যান্ডসেট বিক্রি হয় স্যামসাংয়ের । তারপরেই আছে হুয়াওয়ে। তৃতীয় স্থানে আছে এ্যাপলের আইফোন।

নিরাপত্তার হুমকি ও গুপ্তচরবৃত্তির অভিযোগ এনে হুয়াওয়ের ওপর নিষেধাজ্ঞা এনেছে যুক্তরাষ্ট্র। যদিও হুয়াওয়ে তাদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছে।

মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন আইনে বলা হয়েছে, কোনো মার্কিন কোম্পানি বা মার্কিন-প্রযুক্তি ব্যবহার করে এমন কোনো কোম্পানির জন্য হুয়াওয়ের সাথে ব্যবসা করা নিষিদ্ধ।

এই কঠোর আইনের মুখে পড়ে গত এক মাসে হুয়াওয়ের মোবাইল হ্যান্ডসেট বিক্রি ৪০ শতাংশ কমে গেছে।

রেন ঝেংফেই বলেন, “তারা তাদের উৎপাদন ৩ হাজার কোটি ডলার কমিয়ে দেবেন।”

মার্কিন নিষেধাজ্ঞার জেরে ইতিমধ্যেই বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক কোম্পানি হুয়াওয়ের ফাইভ-জি প্রযুক্তি ব্যবহার নিষিদ্ধ করেছে। গুগল এর মধ্যে জানিয়েছে, তাদের কিছু অ্যাপের আপডেট আর হুয়াওয়ে মোবাইল ফোনে পাওয়া যাবে না।

জাপানের দুটি কোম্পানি জানায়, তারা হুয়াওয়ের হ্যান্ডসেট বিক্রি করবে না।

হুয়াওয়ে অবশ্য বলছে, চীনের বাজারে তাদের বিক্রি অক্ষুণ্ণ আছে এবং ২০২১ সাল নাগাদ তাদের ব্যবসা আবার চাঙ্গা হবে। তা ছাড়া তাদের গবেষণা ও উন্নয়নের ক্ষেত্রে বাজেটে কোন কাটছাঁট করা হচ্ছে না।