বিশ্বকাপে রূপকথার গল্প লিখে চলেছেন সাকিব আল হাসান। ব্যাট হাতে ফর্মের চূড়ায় ৩২ বছর বয়সী বিশ্ব সেরা অলরাউন্ডার। সোমবার বিশ্বকাপে ব্যাক টু ব্যাক সেঞ্চুরি তুলে নিলেন এই বাঁ-হাতি।
ইংল্যান্ডের বিপক্ষে ১২১ রানের ইনিংস খেলেছিলেন। এদিন সেঞ্চুরি তুলে নিলেন ক্যারিবীয়দের বিপক্ষেও। সাকিবের অনবদ্য ব্যাটিংয়ে ওয়েস্ট ইন্ডিজের দেওয়া ৩২২ রানের লক্ষ্যে দারুণ ভাবে এগিয়ে চলেছে টাইগাররা।
বাংলাদেশের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে বিশ্বকাপে ব্যাক টু ব্যাক সেঞ্চুরি করলেন সাকিব। এর আগে ২০১৫ বিশ্বকাপে মাহমুদউল্লাহ রিয়াদ ব্যাক টু ব্যাক সেঞ্চুরি করেছিলেন।
ইতিমধ্যে সাকিব অ্যারন ফিঞ্চকে টপকে ফের আসরে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায়ও শীর্ষে ওঠে গেছেন। আগের তিন ম্যাচে সাকিবের স্কোর ইনিংসগুলো ছিল যথাক্রমে- ৭৫, ৬৪ ও ১২১।
এদিন ৪০ বলে ৭ চারে ফিফটি পূরণ করেন সাকিব। তাতে বিশ্বকাপে প্রথম চার ম্যাচে ফিফটি ছোঁয়া ইনিংস হয় সাকিবের। এর আগে যে কৃতিত্ব ছিলেন তিনজনের। ১৯৮৭ বিশ্বকাপে নভজাত সিং সিধু, ১৯৯৬ সালে শচীন টেন্ডুলকার ও ২০০৭ সালে গ্রায়েম স্মিথ এই কৃতিত্ব গড়েন।
সাকিব সেঞ্চুরি ছুঁয়েছেন ৮৩ বলে। মেরেছেন ১৩টি চার।