বিশ্বকাপে ভারতের কাছে হারের পর থেকেই পাকিস্তান ক্রিকেট টিমকে নিয়ে তীব্র তর্কবিতর্ক শুরু হয়েছে। পাক ক্রিকেট ফ্যানদের নিশানায় যেমন অধিনায়ক সরফরাজ আহমেদ, তেমনই শূন্য রানে আউট হওয়া টিমের সবচেয়ে সিনিয়র ক্রিকেটার শোয়েব মালিক। এরমধ্যেই ভাইরাল ম্যাচের আগের রাতে ম্যানচেস্টারের এক হুক্কা বারে শোয়েব মালিক-সহ পাক ক্রিকেটারদের ভিডিও। যেখানে তাদের সঙ্গেই দেখা গেছে ভারতীয় টেনিস তারকা ও শোয়েবপতœী সানিয়া মির্জাকেও।
হাইভোল্টেজ ম্যাচের আগে পাক ক্রিকেটারদের নাইট পার্টির ভিডিও ভাইরাল হতেই আরও খেপেছেন পাকিস্তানের ক্রিকেট ফ্যানরা। শুধু ফ্যানরাই নন,
পাকিস্তানে মানবাধিকার মন্ত্রী শিরিন মাজারিও নাইট ক্লাবে পাক ক্রিকেটারদের সময় কাটানোর সমালোচনা করেছেন। ‘খেলায় হারজিত থাকবেই। তবে পেশাদারি মনোভাব অত্যন্ত জরুরি ছিল’ টুইটে লিখেছেন তিনি।
ম্যানচেস্টারের উইনসেøা রোডে রাত ২টায় হুক্কায় মত্ত শোয়েব মালিকের ভিডিও শেয়ার করে পাক ক্রিকেটারদের তীব্র সমালোচনা চলছে সোশ্যাল মিডিয়ায়। ভারতীয় ক্রিকেটারদের সামনে অত্যন্ত ‘আনফিট’ পাক ক্রিকেটারদের তুলোধুনো করতে ছাড়ছেন না ভক্তরা। তাদের প্রশ্ন, বার্গার, পিৎজা খেয়ে বিশ্বকাপের ম্যাচ জেতার স্বপ্ন কীভাবে দেখলেন পাক ক্রিকেটাররা?
এদিকে, স্বামীর পাশে দাঁড়িয়ে প্রতিবাদ করেছেন টেনিস তারকা সানিয়া মির্জা। তার মতে, ‘খাওয়া দাওয়ার অধিকার সবার রয়েছে।’ বিনা অনুমতিতে এই ভিডিও শটেরও সমালোচনা করেছেন তিনি।