বিশ্বব্যাপী পারমাণবিক অস্ত্রের সংখ্যা গত কয়েক বছরে তেমন একটা বাড়েনি। কিন্তু পরমাণু শক্তিধর দেশগুলো অস্ত্রের আধুনিকায়ন করছে বলে সম্প্রতি স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউশনের (এসআইপিআরআই) এক রিপোর্টে বলা হয়।
এনডিটিভির প্রতিবেদনে সংস্থাটির উদ্ধৃতি দিয়ে বলা হয়, চলতি বছরের শুরু পর্যন্ত যুক্তরাষ্ট্র, রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স, চীন, ভারত, পাকিস্তান, ইসরায়েল ও উত্তর কোরিয়ার সম্মিলিত পরমাণু অস্ত্রের সংখ্যা ছিল ১৩ হাজার ৮৬৫টি। কিন্তু চীন, ভারত এবং পাকিস্তান পরমাণু অস্ত্রের আধুনিকায়নের পাশাপাশি এর সংখ্যাও বাড়াচ্ছে।
এসআইপিআরআই নির্বাহী প্রধান শ্যানন কিলে এএফপিকে বলেন, ‘বিশ্ব এখন পরমাণু অস্ত্রের সংখ্যা কমাতে চাইলেও অধিক ক্ষমতাসম্পন্ন নতুন অস্ত্র তৈরি করছে।’ বিশ্বের মোট পরমাণু অস্ত্রের ৯০ শতাংশেরই মালিক রাশিয়া ও যুক্তরাষ্ট্র। পরমাণু অস্ত্র-সংক্রান্ত এসটিএআরটি চুক্তির অধীনে এই দুটি দেশ পরমাণু অস্ত্রের উৎপাদন কমাতে বাধ্য হয়েছে। ২০২১ সালে শেষ হতে যাচ্ছে এই চুক্তি। ফলে চুক্তিহীন অবস্থায় পরাশক্তিধর দেশগুলো নতুন করে অস্ত্র বানাতে পারবে।