আজারবাইজানের বাকুতে অনুষ্ঠিতব্য ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য কমিটির অধিবেশনে সুন্দরবনকে ‘ঝুঁকিপূর্ণ বিশ্ব ঐতিহ্য’র তালিকাভুক্ত করার প্রস্তাবে উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। গতকাল সোমবার এক বিবৃতিতে সংস্থাটি এই উদ্বেগ প্রকাশ করে।
প্রস্তাবটি গৃহীত হওয়ার আগেই সুন্দরবনের আশপাশের সংরক্ষিত অঞ্চলে রামপাল বিদ্যুৎকেন্দ্রসহ চলমান সব প্রকল্প স্থগিত করে ইউনেস্কোর সুপারিশ আমলে নিয়ে পরিবেশগত সমীক্ষাসহ অন্যান্য কর্মপরিকল্পনা প্রণয়নের আহ্বান জানিয়েছে টিআইবি।
বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘বিশ্ব ঐতিহ্য কমিটির ৪৩তম অধিবেশনের প্রস্তাবিত এজেন্ডায় সুন্দরবনকে ঝুঁকিপূর্ণ বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্তির প্রস্তাব প্রমাণ করে, রামপালসহ অন্যান্য প্রকল্পের কারণে সুন্দরবন ঝুঁকিতে আছে। এ নিয়ে আমাদের দীর্ঘদিনের আশঙ্কা ও উদ্বেগ অমূলক ছিল না।’
তিনি বলেন, ‘এ অবস্থা থেকে উত্তরণে আসন্ন বাকু মিটিংয়ের আগেই অবিলম্বে রামপাল, তালতলি ও কলাপাড়ায় কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের সব কার্যক্রম স্থগিত করতে হবে এবং বিশ্ব ঐতিহ্য কমিটির নির্দেশনা অনুযায়ী কর্মপরিকল্পনা নিয়ে তা বাস্তবায়নে পদক্ষেপ নিতে হবে।’