আশুলিয়ায় দুই হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

সাভারের আশুলিয়ায় বাসাবাড়িতে অবৈধভাবে দেওয়া প্রায় দুই হাজার পরিবারের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্র্তৃপক্ষ। গতকাল সকাল থেকে বিকেল পর্যন্ত দুর্গাপুর, কাঠগড়াসহ কয়েকটি এলাকায় এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আশুলিয়া সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ইবনে সাজ্জাদ। এ সময় অবৈধ সংযোগে ব্যবহৃত নিম্নমানের পাইপ, রাইজার ও চুলাসহ বিভিন্ন উপকরণ জব্দ করা হয়।

সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপক প্রকৌশলী আবু সাদাৎ মোহাম্মদ সায়েম বলেন, সকাল থেকে শুরু হওয়া অভিযানে বিকেল পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার অবৈধ গ্যাস সংযোগে ব্যবহৃত পাইপ উত্তোলন করা হয়েছে। পর্যায়ক্রমে সব অবৈধ গ্যাসলাইন বিচ্ছিন্ন করা হবে। মাসজুড়ে চলবে এ অভিযান। যারা এসব অবৈধ সংযোগ দিয়েছে তাদের বিরুদ্ধে মামলা করা হবে বলেও জানান তিনি।

নিম্নমানের পাইপ ব্যবহার করে অবৈধ সংযোগের বিষয়ে তিনি বলেন, বাসাবাড়িতে হাইপ্রেসার (১৫০ পিএসআইজি) লাইন থেকে অবৈধভাবে রেগুলেটরবিহীন সংযোগ নেওয়ায় যেকোনো সময় ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারে। এসব কারণে সৃষ্ট দুর্ঘটনার দায় তিতাস গ্যাস নেবে না। গ্রাহককে অবৈধ সংযোগ নেওয়া থেকে বিরত থাকার পরামর্শ দেন তিনি।

অভিযানে উপ-ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান, সহ-ব্যবস্থাপক আবদুল মান্নান, কামরুল হাসান সেলিম প্রমুখ উপস্থিত ছিলেন।