ভূমধ্যসাগরে নিহত ৩৭ বাংলাদেশির পরিবারের জন্য ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ ও ঘটনাটির তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা চেয়ে রিট হয়েছে।
গতকাল সোমবার সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ এমদাদুল হক সুমন রিটটি করেন। তিনি জানিয়েছেন, বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চে এ রিটের ওপর শুনানি হবে।
আইনজীবী সুমন সাংবাদিকদের জানান, প্রতারক ট্রাভেল এজেন্সি ও মানব পাচার চক্রের সদস্যদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশনা চেয়ে গত রবিবার হাইকোর্টে এ রিট আবেদন করা হয়। এতে স্বরাষ্ট্র, পররাষ্ট্র, প্রবাসী কল্যাণ ও আইন সচিব, পুলিশের মহাপরিদর্শক এবং সিলেট ও নোয়াখালীর এসপিকে বিবাদী করা হয়েছে। এ ছাড়া আবেদনে মানব পাচারে জড়িত প্রতারক চক্রের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার বিষয়ে ব্যাখ্যা দিতে সিলেট ও নোয়াখালীর পুলিশ সুপারকে হাইকোর্টে হাজিরের নির্দেশনা ও সাত দিনের মধ্যে একটি তদন্ত কমিটি গঠন করে ৩০ দিনের মধ্যে ঘটনার তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশনাও চাওয়া হয়েছে। তিনি বলেন, গত ৯ মে ভূমধ্যসাগরে তিউনিসিয়ার উপকূলে নৌকাডুবিতে ৩৭ বাংলাদেশির মৃত্যু হয়।