ব্যাক টু ব্যাক সেঞ্চুরি! তাও আবার বিশ্বকাপ আসরে। অনবদ্য ইনিংস খেলে রানের পাহাড় টপকে দলকে এনে দিয়েছেন অবিশ্বাস্য এক জয়। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিজের এই অসাধারণ পারফরম্যান্সের জন্য সাকিব আল হাসান কৃতিত্ব দিলেন সতীর্থ লিটন দাসকে। লিটনের কারণে চাপে পড়তে হয়নি বলে জানালেন ওয়ানডে ক্রিকেটের বিশ্বসেরা অলরাউন্ডার।
টনটনে সোমবার ওয়েস্ট ইন্ডিজ তুলেছিল ৩২১ রান। সাকিব ও লিটনের রেকর্ড গড়া ১৮৯ রানের জুটিতে বাংলাদেশ জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ৫১ বল হাতে রেখেই। এত বড় স্কোর তাড়ায় আগে কখনোই জেতেনি বাংলাদেশ। ১২৪ রানে অপরাজিত ছিলেন সাকিব। জিতে নেন ম্যাচ সেরার পুরস্কার। ৯৪ রান নিয়ে অপরাজিত ছিলেন লিটন।
জয়ের পর আসরে প্রথমবারের মতো একাদশে ডাক পেয়ে দারুণ পারফরম্যান্স দেখানো লিটনের উচ্ছ্বসিত প্রশংসা করলেন সাকিব।
“জানতাম উইকেট ব্যাটিংয়ের জন্য ভালো। আমি তাকে বলেছি- উইকেটে থাকতে পারলে ম্যাচ জিতিয়েই ফিরব। ৩ উইকেট পড়ে গিয়েছিল। ১০-১৫ বল খেলার পর সে যেভাবে ব্যাট করেছে সেটা দেখার মত ছিল, আমি উপভোগ করেছি।”
“সে আমাকে কখনো চাপে পড়তে দেয়নি। এটাই তার ইনিংসের সেরা ব্যাপার ছিল আমার কাছে। ৩-৪ ম্যাচ পর দলে সুযোগ পাওয়া, প্রথম ম্যাচ বিশ্বকাপে, মোটেও সহজ কাজ নয়।”
তবে লিটন আসার পরই নয়, সাকিব তামিমের সঙ্গী হিসেবে ক্রিজে গিয়ে প্রথম ভেবেছিলেন আর কোনো উইকেট খোয়ানো ছাড়াই ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়ার কথা। সংবাদ সম্মেলনে সাকিব বলেন, “তামিমকে আমি বলেছিলাম, আমরা দুজনই শেষ করে আসতে পারি ৫-৬ ওভার হাতে রেখে। দুজনই দুজনকে বলছিলাম- শেষ পর্যন্ত খেলতে হবে, নট আউট থাকতে হবে। বাজে বল আসছিল, চার মারতে পারছিলাম। আমাদের ওরকম চাপই নিতে হয়নি।”