ঝিনাইদহে মসজিদের মুয়াজ্জিনকে গলাকেটে হত্যা

ঝিনাইদহ সদর উপজেলায় সোহেল রানা (২৫) নামের এক মুয়াজ্জিনের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে ওই উপজেলার নলডাঙ্গা বানিয়াবহু গ্রামের একটি পাটক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সোহেল রানা কোটচাঁদপুর উপজেলার সাব্দালপুর ইউনিয়নের লক্ষীকুন্ডু গ্রামের বকতিয়ার আলীর ছেলে ও কালীগঞ্জ উপজেলার চাপালি গ্রামের মসজিদের মুয়াজ্জিন।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কনক কুমার দাস জানান, বানিয়াবহু গ্রামের মাঠের একটি পাটক্ষেতে এক যুবকের গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনস্থলে পৌঁছে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়।

পরে পরিবারের লোকজন এসে তার পরিচয় নিশ্চিত করে। পুলিশের ধারণা অন্য কোথাও থেকে ধরে এনে তাকে কুপিয়ে ও গলাকেটে হত্যা করা হয়েছে। কি কারণে এ হত্যাকাণ্ড তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।

নিহতের মা রেখা বেগম জানান, তার ছেলে কালীগঞ্জের চাপালি গ্রামে একটি মসজিদে দীর্ঘদিন ধরে মুয়াজ্জিনের দায়িত্ব পালন করে আসছিলেন। ছেলের মধ্যে সোহেল রানা তার দ্বিতীয় সন্তান।