নিখোঁজ ২ কিশোরের ক্ষতবিক্ষত লাশ মিলল পাটক্ষেতে

নওগাঁর ধামইরহাট উপজেলার ইসবপুর গ্রামের পাশে একটি পাটক্ষেত থেকে দুই কিশোরের মৃতদেহ উদ্ধার করেছে ধামইরহাট থানা পুলিশ। মঙ্গলবার সকালে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- পার্শ্ববর্তী জয়পুরহাট জেলার সদর উপজেলার জিতারপুর পশ্চিম বিল্লা গ্রামের জহুরুল ইসলামের ছেলে জাকির হোসেন ( ১৬ ) এবং শহিদুল ইসলামের ছেলে রিমন হোসেন (১৫)।

ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গত বৃহস্পতিবার বিকেল অানুমানিক ৫টায় ঐ দুই কিশোর ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে ভাড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়েছিলেন। অনেক খোঁজা-খুঁজির পর শুক্রবার তার পরিবারের পক্ষ থেকে জয়পুরহাট সদর থানায় একটি নিখোঁজের বিষয়ে সাধারণ ডায়েরি করেন।

মঙ্গলবার সকাল ৭টার দিকে ইসবপুর গ্রামের কয়েকজন কৃষক ইসবপুর ইউনিয়নের পরানপুর গ্রামের বোড়াগাড়ি ব্রিজের ২০০ গজ দক্ষিণে মাঠে কাজ করতে গিয়ে পাটক্ষেতের মধ্যে মৃতদেহগুলো পড়ে থাকতে দেখে।

পরে খবর পেয়ে পুলিশ ইসবপুর ইউনিয়নের পরানপুর গ্রামের আমজাদ হোসেনের পাটক্ষেত থেকে মরদেহগুলো উদ্ধার করে থানায় নিয়ে আসে। ধারণা করা হচ্ছে ছিনতাইকারীরা তাদের হত্যা করে অটোরিকশাটি নিয়ে পালিয়ে গেছে। শিয়াল তাদের মরদেহ কামড়ে কিছুটা নষ্ট করেছে।

ওসি জাকিরুল ইসলাম জানান, নিহত কিশোরদের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মরদেহগুলো নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।