‘ভারত মাতা কি জয়’-এর জবাবে ‘ইনকিলাব জিন্দাবাদ’

ভারতে স্লোগানের রাজনীতি নিয়ে দলগুলোর মধ্যে বিভক্তি চরমে উঠেছে। এবার সেই ঢেউ লেগেছে লোকসভাতেও।

মঙ্গলবার ১৭তম লোকসভার সদস্য হিসেবে শপথ নেন পাঞ্জাবের সংরুরের আম আদমি পার্টির নির্বাচিত প্রার্থী ভগবন্ত মান।

এবারের লোকসভা নির্বাচনে ভগবন্তই আম আদমি পার্টির একমাত্র সাংসদ। শপথ গ্রহণের পর ‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগান দেন তিনি।

জি নিউজ জানায়, লোকসভার নবনির্বাচিত সদস্যদের শপথগ্রহণ প্রক্রিয়া চলছে। শপথবাক্য পাঠ করাচ্ছেন অস্থায়ী স্পিকার বীরেন্দ্র কুমার।

সোমবার শপথ নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এর পর সংসদে শাসক দলের সদস্যরা ‘ভারত মাতা কি জয়’ স্লোগান দেন।

স্লোগান দেওয়া নিয়ে আপত্তি জানান একাধিক সংসদ সদস্য। এর পর স্পিকারের আপত্তিতে স্লোগান দেওয়া বন্ধ করেন শাসক দলের সাংসদরা।

ঠিক তার পর দিনই শপথ গ্রহণ শেষে ‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগান দিয়ে ভগবন্ত মান দৃশ্যত তারই জবাব দিলেন বলে মনে করা হচ্ছে।

দক্ষিণ-পূর্ব এশিয়ায় বামপন্থীদের জনপ্রিয়তম স্লোগান ‘ইনকিলাব জিন্দাবাদ’ এর জন্ম কিন্তু পাঞ্জাবেই। স্লোগানটি জনপ্রিয় হয় শহীদ ভগত্ সিং, শুকদেব, রাজগুরু, চন্দ্রশেখর আজাদের মতো বিপ্লবীদের মুখে। স্বাধীনতার পর ভারতীয় বামপন্থী আন্দোলনের প্রধান স্লোগান হয়ে ওঠে এটি।

লোকসভা নির্বাচনের সময় ‘জয় শ্রী রাম’ স্লোগান নিয়ে মোদি ও অমিত শাহ-সহ বিজেপি নেতাদের সঙ্গে বিবাদে জড়ান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার অভিযোগ, বিজেপি ধর্মীয় স্লোগান রাজনীতিতে ব্যবহার করছে।