পাক ক্রিকেটারদের নাইট পার্টি: টুইটারে সানিয়া-বীনার তর্কযুদ্ধ

চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিরুদ্ধে হাইভোল্টেজ ম্যাচের আগের দিন সীসা বারে শোয়েব মালিকদের নাইট পার্টির ভিডিও ভাইরাল হয়। সেখানে ছিলেন শোয়েব স্ত্রী ভারতীয় টেনিস স্টার সানিয়া মির্জাও। এ ঘটনায় সানিয়াকে টুইটারে এক হাত নিয়েছেন পাকিস্তানি নায়িকা বীনা মালিক।

ভারতের সঙ্গে বিশ্বকাপে কখনোই জিততে পারেনি পাকিস্তান। এবারও সেই ধারা অক্ষুন্ন রাখলো দেশটি। পাকিস্তানের ব্যর্থতা নিয়ে সমালোচনায় রীতিমত ঘি ঢেলেছে নাইটপার্টির ভাইরাল হওয়া সেইসব ভিডিও।

ম্যানচেস্টারের সেই সীসা বারে গিয়েছিলেন অলরাউন্ডার শোয়েব মালিক, সঙ্গে তার স্ত্রী সানিয়া মির্জা, ফাস্ট বোলার ওয়াহাব রিয়াজ ও ব্যাটসম্যান ইমাম-উল-হক। পরের দিন যাদের পারফরমেন্স দর্শককে হতাশ করেছে।

এদিকে এর জন্য সানিয়াকে আক্রমন করে বীনা টুইটারে লেখেন, “সানিয়া আমি তোমাদের সন্তানের কথা ভেবে খুবই চিন্তিত হচ্ছি। বড়দের পার্টিতে ছোট্ট শিশুকে নিয়ে গেছ।”

সানিয়ার উদ্দেশে তিনি আরও লেখেন, “তোমার কি মনে হয় না এটা ওর পক্ষে ক্ষতিকর? পাশাপাশি তুমি একজন আন্তর্জাতিক ক্রীড়াবিদ। তোমার কি মনে হয় না কোনও আন্তর্জাতিক ম্যাচের আগে জাঙ্ক ফুড খেলোয়াড়দের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর।”

তবে সানিয়াও ছাড়েননি পাক অভিনেত্রীকে। টুইট যুদ্ধে নেমে পালটা জবাবে সানিয়া মির্জা লেখেন, “প্রথমত, নাইট পার্টিতে আমরা সন্তান নিয়ে যাইনি। আমার ছেলের খেয়াল আমি কীভাবে রাখব সেটা নিয়ে কারও মাথা ঘামাতে হবে না। দ্বিতীয়ত আমি পাকিস্তান ক্রিকেট দলের মা কিংবা ডায়াটিসিয়ান বা শিক্ষিকা নই। তারা কি খাবে? তারা কখন ঘুমোতে যাবে, তার খেয়াল রাখার দায়িত্ব আমার নয়।”

এদিকে এ ভিডিও ভাইরাল হওয়ার পর পাক ক্রিকেটারদের দায়িত্ববোধ নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। কারণ রবিবারের ম্যাচে শোয়েব শূন্য রানে আউট হন। ফলে লেট নাইট পার্টি নিয়ে স্বাভাবিকভাবেই তীব্র সমালোচনার মুখে পড়েন তারা।

তবে শোয়েব মালিক লেখেন, “যে ভিডিওটি অনলাইনে ভাইরাল হয়েছে সেগুলি শনিবারের নয়। বৃহস্পতিবারের রাতের ভিডিও ছিল সেগুলো।”