সুন্দরবনকে ঝুঁকিপূর্ণ বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করার সুপারিশ করেছে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা (ইউনেস্কো)। তবে বাংলাদেশের বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন দাবি করেছেন, সংস্থাটি সুন্দরবনের যে ক্ষয়ক্ষতির আশঙ্কা করেছে তা সত্য নয়।
গতকাল মঙ্গলবার সচিবালয়ে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, বিশ্বের অনেক দেশেই বনের পাশে বিদ্যুৎকেন্দ্র রয়েছে। সেখানে বনের ক্ষতি হয়নি। তেমনি সুন্দরবনের যে ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে, এটা সত্য নয়।
মন্ত্রণালয়ের সচিব আব্দুল্লাহ আল মোহসীন চৌধুরী বলেন, তারা একই জিনিস বারবার টানছে। আমরা জানি না কোনো মহল থেকে তাদের ইন্ধন দেওয়া হচ্ছে কি না। যে জিনিসটা সেটেল হয়েছে, সে জিনিসটাকে তারা পুনরায় উপস্থাপন করার চেষ্টা করছে। এসইএ (কৌশলগত পরিবেশ সমীক্ষা) করার জন্য উদ্যোগ নিয়েছি। প্রকল্প প্রণয়ন করে পরিকল্পনা কমিশনে দাখিল করেছি। প্রাথমিক কাজগুলো অনেক দূর এগিয়ে নিয়েছি। এ বিষয়গুলো ইউনেস্কো অবগত রয়েছে।
উল্লেখ্য, আজারবাইজনের বাকুতে বিশ্ব ঐতিহ্য কমিটির ৪৩তম অধিবেশনের জন্য প্রস্তাবিত এজেন্ডায় সুন্দরবনকে ঝুঁকিপূর্ণ বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্তির প্রস্তাব তুলতে যাচ্ছে ইউনেস্কো। কমিটির কাছে সিদ্ধান্ত নেওয়ার জন্য সুপারিশ হিসেবে ১০৪ পৃষ্ঠার খসড়া উপস্থাপন করা হবে।