শিশু হাসপাতাল ও আদাবরে দুদকের অভিযান

ঢাকা শিশু হাসপাতাল ও আদাবরের বায়তুল আমান হাউজিং সোসাইটিতে গতকাল অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। কমিশনের হটলাইনে আসা অভিযোগের পরিপ্রেক্ষিতে এ অভিযান চালানো হয়। দুদকের উপ-পরিচালক প্রণব কুমার ভট্টাচার্য বিষয়টি জানিয়েছেন।
তিনি বলেন, ঢাকা শিশু হাসপাতালের বিভিন্ন অনিয়ম, ঘুষ ও হয়রানির অভিযোগে দুদকের সহকারী পরিচালক রাউফুল ইসলামের নেতৃত্বে অভিযান চালানো হয়। অভিযানে মে-জুন মাসের বায়োমেট্রিক হাজিরা দেখে একজন চিকিৎসকের দীর্ঘদিন অনুপস্থিত থাকার প্রমাণ মিলে। এ ছাড়া আরও কয়েকজন চিকিৎসকের প্রায়ই অনুপস্থিত থাকার প্রমাণ পাওয়া যায়। এ বিষয়ে কার্যকর ব্যবস্থা নিতে হাসপাতালের পরিচালককে দুদক টিম পরামর্শ দেয়।
টিম আরও জানতে পারে, হাসপাতালের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার বিভিন্ন অনিয়মের বিষয়ে একটি প্রশাসনিক তদন্ত প্রতিবেদন পরিচালনা বোর্ডের কাছে কিছু সুপারিশসহ দাখিল করা হয়েছিল। কিন্তু ওইসব সুপারিশ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়নি। সেগুলো বাস্তবায়নের জন্যও পরামর্শ দেওয়া হয়।
এদিকে সহকারী পরিচালক মো. জাহিদ কালামের নেতৃত্বে রাজউক কর্মকর্তাদের সমন্বয়ে আদাবরে অভিযান চালায় দুদক। এ সময় উত্তর আদাবরের বায়তুল আমান হাউজিং সোসাইটির (রোড নম্বর ৬) একটি বাড়িতে অনুমোদিত নকশার বাইরে বেশ কিছু অংশ নির্মিত হয়েছে মর্মে প্রমাণ পায় সমন্বিত টিম। আগামী ৫ জুলাইয়ের মধ্যে ভবনের বর্ধিতাংশ অপসারণে নোটিস করে রাজউক। এ ছাড়া ওই ভবনের মালিক (শিক্ষা মন্ত্রণালয়ের একজন এমএলএসএস) বিপুল অর্থের মালিক হয়ে অবৈধভাবে এ বাড়িটি নির্মাণ করেছেন এ তথ্য পায় দুদক। পরে তার সম্পদ অনুসন্ধানের অনুমতি চেয়ে কমিশনে প্রতিবেদন জমা দিয়েছে তদন্ত টিম।