১৬ ঘণ্টা পর ভেসে উঠল নিখোঁজ বিশ্ববিদ্যালয় ছাত্রের লাশ

নিখোঁজের ১৬ ঘণ্টা পর বুধবার সকালে মোহনপুর রাবার ড্যামে ব্রিজের কিনারায় ভেসে উঠল বিশ্ববিদ্যালয় ছাত্র তাসফিরের লাশ।

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র তাসফির হোসাইন (২২) মোহনপুর রাবার ড্যামে ঘুরতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ ছিলেন।

নিহত তাসফির হোসাইন হাবিপ্রবির ১৭তম ব্যাচের পরিসংখ্যান বিভাগের দ্বিতীয় বর্ষের দ্বিতীয় সেমিস্টারের ছাত্র।

জানা গেছে, মঙ্গলবার বিকেল ৫টা দিকে তাসফির ও কয়েকজন বন্ধু মিলে দিনাজপুর সদর উপজেলার ৮নং শংকরপুর ইউনিয়নের মোহনপুর রাবার ড্যামে ঘুরতে যায়। এ সময় পানির গতিবেগ বেশি থাকায় সাঁতার না জানার কারণে তাসফির হোসাইন পানিতে ডুবে যায়। এ সময় তাসফিরের বন্ধুরা তাকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করার পরেও আটকাতে পারেনি।

পানিতে ডুবে যাওয়ার কিছুক্ষণ পর দিনাজপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে যায়। তবে ফায়ার সার্ভিসের ডুবুরি দল না থাকায় বিলম্ব হয় লাশ খুঁজতে। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে রংপুর থেকে একটি ডুবুরি দল এসে রাত ১২টা পর্যন্ত খোঁজ চালায় রাবার ড্যামে।

পরে বুধবার সকাল ৮টার দিকে পুনরায় পানিতে ডুবুরি দল নামার প্রস্তুতিকালে মোহনপুর ব্রিজের পূর্ব কিনারায় ভেসে উঠে তাসফির হোসাইনের লাশ।

পরিবার ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের উপস্থিতিতে মোহনপুর রাবার ড্যাম থেকে লাশ উদ্ধার করে নিয়ে আসা হয় হাবিপ্রবির ক্যাম্পাসে। লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এ বিষয়ে দিনাজপুর ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মো. নয়ন চৌধুরী বলেন, “আমরা গত মঙ্গলবার রাতে অনেক চেষ্টার পরেও নিখোঁজ তাসফির হোসাইনের লাশ উদ্ধার করতে পারিনি। পরদিন বুধবার সকালে পুনরায় ডুবুরি দল নামার প্রস্তুতিকালে ব্রিজের পূর্বপাশে ভেসে উঠে তাসফিরের লাশ। পরে পরিবার ও বিশ্ববিদ্যালয়ের কাছে লাশ হস্তান্তর করা হয়।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. মাহবুব হোসেন বলেন, “তাসফির হোসাইন আমাদের বিশ্ববিদ্যালয়ের ১৭তম ব্যাচের পরিসংখ্যান বিভাগের ছাত্র। তার বাড়ি চট্টগ্রামের হালি শহরে। আমরা এখানে জানাজা করার পর তাদের কাছে লাশ হস্তান্তর করব।”