মার্কিন নির্বাচন ২০২০: ট্রাম্পের আনুষ্ঠানিক প্রচারণা শুরু

দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করলেন ডোনাল্ড ট্রাম্প। ২০২০ সালের সিনেট নির্বাচনে পরবর্তী চার বছরের জন্য আবারও তার টিমকে ক্ষমতায় রাখার আহবান করেন তিনি।

বিবিসি জানায়, প্রার্থীতা আগে ঘোষণা করলেও মঙ্গলবার ফ্লোরিডা থেকে ট্রাম্প ২০২০ সালের নির্বাচনের এ আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেন।

অরল্যান্ডোতে প্রচার সমাবেশে কয়েক হাজার সমর্থকদের সামনে তিনি ফ্লোরিডাকে ‘দ্বিতীয় বাড়ি’ হিসেবে উল্লেখ করেন এবং তাকে পুনরায় নির্বাচিত করার আহবান করেন।

 ২০১৬ সালের নির্বাচনে ডেমোক্র্যাট ও রিপাবলিকান প্রার্থীদের অন্যতম প্রতিদ্বন্দ্বী রাজ্য ছিল ফ্লোরিডা। ডেমোক্রেটদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এ রাজ্যটিতে হিলারিকে অল্প ভোটে হারিয়ে দিয়েছিলেন ট্রাম্প।

তিনি অভিযোগ করেন, ডেমোক্রেটরা যুক্তরাষ্ট্রকে ‘টুকরো টুকরো’ করার চেষ্টা করছে। ট্রাম্প বলেন, “আমরা ফের যুক্তরাষ্ট্রকে শ্রেষ্ঠত্বের আসনে নিয়ে আসার চেষ্টা চালিয়ে যাবো।”

প্রচারণা সভায় এদিন বেশ উচ্ছ্বসিত দেখা যায় ট্রাম্পের স্ত্রী মেলানিয়া ট্রাম্পকে। পরবর্তী মেয়াদেও ফার্স্ট লেডি হওয়ার প্রতি তার উত্তেজনা এদিন চোখে পড়ে।

ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স এবং হোয়াইট হাউসের মুখপাত্র হিসেবে দায়িত্ব ছেড়ে দিতে যাওয়া সারাহ স্যান্ডার্সও এ দিন বক্তব্য রাখেন।