ভারতে লিচু খাওয়ার পর শিশুর মৃত্যু: সংখ্যা বেড়ে ১০৩

খালি পেটে লিচু খাওয়ার পর ভারতের বিহার প্রদেশের মজফরপুরে রহস্যজনক মস্তিষ্কজনিত রোগে শিশু মৃত্যুর সংখ্যা এক শ ছাড়িয়ে গেছে।

মস্তিষ্কজনিত এ রোগের সঙ্গে গ্রীষ্মকালীন ফল লিচুর সম্পর্ক রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। খবর এএফপি।

খবরে বলা হয়েছে, চলতি বছর পূর্বাঞ্চলীয় প্রদেশ বিহারের মোজাফফরপুরে ১০ এবং তার চেয়ে কম বয়সী ১০৩ শিশু একিউট এনসেফালিটিস সিনড্রোম (এইস)-এ আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে।

মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সেখানের বিভিন্ন হাসপাতালে আরো অনেক শিশুই চিকিৎসাধীন রয়েছে।

দেশটিতে ১৯৯৫ সাল থেকে প্রতি বছর গরমের মৌসুমে এবং সাধারণভাবে লিচুর সময়ে এ রোগের প্রাদুর্ভাব দেখা দেয়। 

২০১৪ সালে এই রোগে সেখানে শিশু মৃত্যুর রেকর্ড সংখ্যা ১৫০ জন। অন্যান্য বছরে মৃত্যুর সংখ্যা সেই তুলনায় কম।

বেশ কয়েক বছর আগে যুক্তরাষ্ট্রের গবেষকগণ জানিয়েছেন, গ্রীষ্মকালে লিচুতে থাকা এক ধরনের বিষাক্ততা এ মস্তিস্ক রোগের সঙ্গে সম্পর্কিত।

গবেষকরা এ অসুস্থতার কারণ নির্ণয়ে আরো বেশি গবেষণা চালিয়ে যেতে হবে বলে মতামত দেন।

স্থানীয়ভাবে ‘চামকি বুখার’ নামে পরিচিত এ রোগ তৃতীয় ধরণের মারাত্মক।