সরফরাজকে সাহস জোগালেন জহির আব্বাস

বিশ্বকাপে বাজে পারফরম্যান্সে বিপর্যস্ত পাকিস্তানি শিবির। চারদিক থেকে সমালোচনা বিদ্ধ করছে তাদের। এর মাঝে স্বস্তির সুবাতাস নিয়ে হাজির পাকিস্তানি কিংবদন্তি জহির আব্বাস। পাকিস্তানি অধিনায়ক সরফরাজ আহমেদকে ফোন দিয়ে কথা বলেন সাবেক এই রানমেশিন।

শেষ ম্যাচে ভারতের সঙ্গে হেরে মাত্র ৩ পয়েন্ট নিয়ে তালিকার নবম স্থানে নেমে গেছে পাকিস্তান। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হারলে বিশ্বকাপের স্বপ্ন নিভে যাবে সাবেক চ্যাম্পিয়নদের। দলের এমন অবস্থায় সরফরাজকে আরও সাহসী ভূমিকা পালন করতে বলেছেন জহির আব্বাস। অধিনায়ককে তিনি বলেন, ‘আমি জানি সমালোচকরা তোমাদের মু-ুপাত করছে। কিন্তু অধিনায়ক হিসেবে তোমাকে সাহসী হয়ে দলের সবাইকে নিয়ে বসতে হবে। তাদের জাগিয়ে তুলতে হবে। দল বাজে সময় পার করলেও বিশ্বকাপ স্বপ্ন এখনো শেষ হয়ে যায়নি। এই মন্ত্রে উজ্জীবিত করে বাকি খেলায় তাদের সেরাটা বের করে আনতে হবে। তুমি সবার মতামত নেবে তবে নিজে যা সঠিক মনে করবে দলের জন্য তাই করবে।’

কিংবদন্তি ক্রিকেটারের কাছ থেকে উদ্দীপ্ত পরামর্শ পেয়ে খুশি সরফরাজ। সামনের ম্যাচে এই টোটকা কাজে লাগিয়ে দলের খোলনলচে বদলে দেওয়ার ব্যাপারেও আশাবাদী তিনি। জহির আব্বাসকে সরফরাজ কথা দেন, খেলোয়াড়রা তাদের সর্বোচ্চ দিয়ে লড়বে। আর জয় ছিনিয়ে বিশ্বকাপ স্বপ্ন জিইয়ে রাখবে।