টুঙ্গিপাড়ায় দুই গ্রামবাসীর সংঘর্ষে ১০ পুলিশ সদস্যসহ আহত ৫০

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে ১০ পুলিশ সদস্যসহ ৫০ জন আহত হয়েছে।

এসময় ১৫টি দোকান ও বাড়িতে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয় সংঘর্ষকারীরা। সংঘর্ষ থামাতে ৩১৫ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে পুলিশ।

মঙ্গলবার গভীর রাত পর্যন্ত থেমে থেমে টুঙ্গিপাড়া বাসষ্ট্যান্ড এলাকায় এ সংঘর্ষ চলে।

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম এনামুল কবির জানান, শ্রীরামকান্দি গ্রামের সাইফুল ইসলাম গিমাডাঙ্গা গ্রামের একটি ছেলেকে গওহরডাঙা সেতুর উপর আড্ডা দেওয়ার সময় তাকে চলে যেতে বলেন। এ নিয়ে দু’জনের মধ্যে কথা কাটাকাটির ঘটনা ঘটে। এর জের ধরে মঙ্গলবার রাতে শ্রীরামকান্দি ও গিমাডাঙ্গা গ্রামের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে টুঙ্গিপাড়া বাসষ্ট্যান্ড এলাকায় সংঘর্ষে লিপ্ত হয়।

পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৩১৫ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে। গভীর রাত পর্যন্ত থেমে থেমে চলতে থাকা এ সংঘর্ষে ১০ পুলিশ সদস্যসহ ৫০জন আহত হন। অতিরিক্ত পুলিশ গিয়ে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনে।

তিনি আরো জানান, এ ঘটনায় দুই গ্রামের ২৫ জনের নাম উল্লেখ করে ৭/৮ অজ্ঞাত লোকের নামে পুলিশের উপ-পরিদর্শক ইমরাত আলী বাদী হয়ে মামলা দায়ের করেছেন।

মারাত্মক আহতদের টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করায় সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।