বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) আধুনিকায়নে ১ হাজার ৮৬৭ কোটি ৮২ লাখ টাকা ব্যয়ে চারটি প্রকল্প গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। গতকাল বুধবার সংসদে জাতীয় পার্টির সংসদ সদস্য অ্যাডভোকেট সালমা ইসলামের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
তথ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর বাংলাদেশে টেলিভিশনের আধুনিকায়নের লক্ষ্যে নানামুখী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে বিটিভির আধুনিকায়নে ১ হাজার ৮৬৭ কোটি ৮২ লাখ টাকা ব্যয়ে চারটি প্রকল্প গ্রহণ করা হয়েছে। আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে যুগোপযোগী অনুষ্ঠান ধারণের সুবিধার্থে আধুনিক ক্যামেরাসহ নতুন নতুন যন্ত্রপাতি কেনা ও সংস্থাপন করা হয়েছে।
শফিকুল ইসলাম শিমুলের অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ভারতসহ বিশ্বের ৪৯টি দেশে বিটিভি, বিটিভি ওয়ার্ল্ড, বিটিভি চট্টগ্রাম কেন্দ্র ও সংসদ বাংলাদেশ টেলিভিশনের স্যাটেলাইট সম্প্রচার কার্যক্রম চলছে।