সামনের আট বছরের মধ্যে চীনকে ছাপিয়ে পৃথিবীর সবচেয়ে বেশি জনসংখ্যার দেশ হবে ভারত। জাতিসংঘের ‘দ্য ওয়ার্ল্ড পপুলেশন প্রসপেক্টাস ২০১৯’ শীর্ষক রিপোর্টে এমন খবর দেওয়া হয়েছে।
রিপোর্টে আরও বলা হয়েছে, ২০৫০ সালের মধ্যে বিশ্বের মোট জনসংখ্যা দাঁড়াবে ৯৭০ কোটি। এই শতাব্দীর শেষেই তা ১ হাজার ১০০ কোটিতে পৌঁছাবে।
জাতিসংঘের এই রিপোর্টে প্রকাশিত তথ্যে উদ্বেগ বাড়বে ভারতে। খাদ্য, বাসস্থান ও কর্মসংস্থান নিয়ে এমনিতেই রীতিমতো ধুঁকছে দেশটি। দিনকে দিন কমে আসছে চাষযোগ্য জমি। ফলে জনবিস্ফোরণ ভয়াবহ খাদ্য সংকট ডেকে আনতে পারে।
রিপোর্টে বলা হয়েছে, ২০৫০ সালের মধ্যে বিশ্বের মোট জনসংখ্যা বৃদ্ধির যে সম্ভাবনা রয়েছে, তার অর্ধেকেরও বেশি হবে নয়টি দেশে। এই দেশগুলোর মধ্যে শীর্ষস্থানে রয়েছে ভারত। তার ঠিক পরেই রয়েছে নাইজেরিয়া, পাকিস্তান, কঙ্গো, ইথিওপিয়া, তানজানিয়া, ইন্দোনেশিয়া, মিশর এবং মার্কিন যুক্তরাষ্ট্র।
সাহারা মরুভূমি সংলগ্ন এশিয়ার দেশগুলোর ৯৯ শতাংশের জনসংখ্যা ২০৫০ সালের মধ্যে দ্বিগুণ হতে পারে বলেও মনে করা হচ্ছে।