রাজীবের মৃত্যুর ঘটনায় ৫০ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ

দুই গাড়ির রেষারেষিতে হাত হারানোর পর রাজীব হাসানের মৃত্যুর ঘটনায় পরিবারকে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ দিয়েছেন আদালত।

বিচারপতি জে বি এম হাসান ও মো. খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার দুপুরে এই রায় দেন।

আদালত জানায়, দুই মাসের মধ্যে রাজীবের দুই ভাইকে এই টাকা দিতে হবে। ২৫ লাখ টাকা করে দেবে বিআরটিসি ও স্বজন পরিবহন কর্তৃপক্ষ।

পাশাপাশি বলা হয়, লাইসেন্স দেওয়ার আগে চালককে ডোপ টেস্ট করাতে হবে। ৬ মাসের মধ্যে সড়ক পরিবহন আইন কার্যকর করতে হবে।

২৩ মে এই রুলের রায় ঘোষণার কথা ছিল। তবে ক্ষতিপূরণ বিষয়ে ইনস্যুরেন্স আইনে কিছু জটিলতা থাকায় আবারও শুনানি অনুষ্ঠিত হয়।

গত বছরের ৩ এপ্রিল রাজধানীর কারওয়ান বাজারের সার্ক ফোয়ারার কাছে বিআরটিসি ও স্বজন পরিবহনের দুই বাসের রেষারেষিতে হাত হারান তিতুমীর কলেজের ছাত্র রাজীব।

এ ঘটনার পরদিন রাজীবের চিকিৎসা ও ক্ষতিপূরণের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

১৩ দিন চিকিৎসাধীন থাকার পরে ১৬ এপ্রিল মারা যান রাজীব।