বন্ধুত্ব না করলে মডেলের গোপন ছবি ফাঁসের হুমকি!

এক নারী মডেলের সঙ্গে জোর করে বন্ধুত্ব করতে চেয়েছিল এক যুবক। এমনকি হুমকি দিয়েছিল, তার প্রস্তাবে রাজি না হলে মডেলের গোপন ছবি ফাঁস করে দেবে। এমন ঘটনায় কলকাতার ওই যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

টাইমস অব ইন্ডিয়া জানায়, দক্ষিণ কলকাতার এক অভিজাত এলাকায় ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকেন ওই মডেল। তার উল্টো দিকের ফ্ল্যাটে থাকেন গ্রেপ্তারকৃত লাখি প্রসাদ।

ওই মডেলের অভিযোগ, বুধবার রাতে তার ফ্ল্যাটে কলিংবেল টেপে লাখি। দরজা খুলতে সে জানায়, তার সঙ্গে বন্ধুত্ব করতে চায়।

এতে আপত্তি জানানোয় লাখি হুমকি দিয়ে বলে, সে উল্টো দিকের বাড়ি থেকে তার নানা গোপন মুহূর্তের ছবি তুলেছে। সেই ছবি সে ইন্টারনেটে আপলোড করে দেবে।

এরপর ওই মডেল দরজা বন্ধ করে দিয়ে এক পরিচিতের মাধ্যমে স্থানীয় থানার পুলিশ কর্মকর্তাকে গোটা ঘটনা জানান। সেদিনই রাত ১২টা নাগাদ থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন তিনি।

রাতেই লাখি প্রসাদকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, লাখি মূলত বেঙ্গালুরুর বাসিন্দা। সে কলকাতায় একটি প্লাইউড কোম্পানিতে কাজ করে।