শুক্রবারেই হচ্ছে অভিনয় শিল্পী সংঘের নির্বাচন

টেলিভিশন মাধ্যমের অভিনয় শিল্পীদের সংগঠন ‘অভিনয় শিল্পী সংঘ’র দ্বিবার্ষিক নির্বাচন শুক্রবারেই হবে। 

আদালতের নির্দেশে স্থগিত করা হলেও নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন অভিনয় শিল্পী সংঘের নির্বাচনে নির্বাচন কমিশনার বৃন্দাবন দাশ। 

তিনি বৃহস্পতিবার সন্ধ্যায় দেশ রূপান্তরকে বলেন, আদালতের স্থগিতাদেশ আমাদের হাতে আসেনি। কিছু সংবাদমাধ্যমে খবর প্রকাশ হয়েছে বলে শুনেছি। তার ওপর ভিত্তি করে তো নির্বাচন স্থগিত হতে পারে না। 

তিনি বলেন, আদালতের স্থগিতের কাগজ আমাদের হাতে আসুক। তারপর আমরা নতুন কোনো সিদ্ধান্ত নেয়ার থাকলে সেটা জানাব। 

'এখন নির্বাচন কমিশন, পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী শুক্রবার (২১ জুন) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রাজধানীর শিল্পকলা একাডেমিতে নির্বাচন আয়োজন করবে'। 

বৃন্দাবন দাশ বলেন, আশা করছি, সংগঠনের সব ভোটার এতে অংশ নেবেন। প্রার্থী-ভোটারদের নিয়ে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ হবে। 

বুধবার শেখ মো. এহসানুর রহমান, আব্দুল্লাহ রানা ও নূর মুহাম্মদ রাজ্য বাদী হয়ে বেশ কিছু অভিযোগ এনে নির্বাচন স্থগিতের দ্বিতীয় সহকারী আদালতে আবেদন করেন। সেই আবেদনের প্রেক্ষিতে নির্বাচন স্থগিতের নির্দেশ দিয়েছেন আদালত। সিনিয়র সহকারী জজ মোহাম্মাদ শাফি এই আদেশ দেন।

বাদী পক্ষের উকিল অ্যাডভোকেট মোহাম্মদ আলী জানিয়েছেন, তিন নির্বাচন কমিশনার খায়রুল আলম সবুজ, বৃন্দাবন দাশ ও মাসুম আজিজস ও শিল্পী সংঘের সর্বশেষ সভাপতি শহীদুল আলম সাচ্চুসহ মোট ৮ জন বিবাদীকে ১৯ জুন হতে আগামী ৭ দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

অভিযোগকারীরা জানান, নির্বাচন পূর্ববর্তী বেশ কয়েক মাস ধরে গঠনতন্ত্র বহির্ভূত বেশ কিছু কাজ করেছে সদ্য বিদায়ী কমিটি। এ কারণে বর্তমান নির্বাচন কমিশনকে তারা বৈধ মনে করছেন না। গঠনতন্ত্র না মেনেই তারা নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন করছেন বলেও অভিযোগ তোলেন তারা।