বিএনপি দলটাই তো অবৈধ: তথ্যমন্ত্রী

বিএন‌পিকে অবৈধ দল বলে অভিহিত করেছেন তথ্যমন্ত্রী ডা. হাছান মাহমুদ।

বিএনপির নির্বা‌চিত এম‌পিদের সংসদকে ‘অবৈধ’ বলার প্রেক্ষিতে এমন মন্তব্য করেন তথ্যমন্ত্রী।

তিনি বলেন, তাদের দলের এমপিরা শপথ গ্রহণ করে আবার এ সংসদকেই অবৈধ বলছে, আস‌লে তারা তা‌দের নি‌জে‌দের‌ অ‌বৈধ বল‌ছে।

বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে ১৯৭১ সালের ২৬ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে স্বাধীনতার ঘোষণা পাঠকারী এম এ হান্নানের স্মরণে আয়োজিত সভায় তথ্যমন্ত্রী এ মন্তব্য করেন।

হাছান মাহমুদ বলেন, ‘বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করে বিজয়ী হয়ে শপথ নিয়েছে। তারপর সংসদে দাঁড়িয়ে নিজে মহিলা এমপি হয়ে সংসদকে অবৈধ বলে। তাদের বিএনপি দলটাই তো অবৈধ, কারণ ক্ষমতা দখল করে ক্ষমতার উচ্ছিষ্ট বিলিয়ে জিয়াউর রহমান যে কর্মকাণ্ড করেছে সবকিছুই অবৈধ।’

তথ্যমন্ত্রী বলেন, ‘জিয়াউর রহমানের মৃত্যুর পর হঠাৎ একদিন শুনতে পেলাম তিনি নাকি স্বাধীনতার ঘোষক। বিএনপি রাজনীতিই মিথ্যাচারের ওপর প্রতিষ্ঠিত। বিএনপির জন্মও অবৈধ। প্রথমে তারা সংসদে শপথ না নেয়ার কথা বললেও এখন মহিলা সংসদ সদস্যের ভাগটাও তারা ছাড়েনি’।

তথ্যমন্ত্রী আরো বলেন, ‘বিএনপি এখন স্বাধীনতার ঘোষক নিয়ে মিথ্যাচার করছে। জিয়াউর রহমান যদি বিএনপির এমন মিথ্যাচার শুনতে, তাহলে তিনিও লজ্জা পেতেন।’

হাছান মাহমুদ বলেন, সরকারের হস্তক্ষেপে নাকি খালেদা জিয়ার জামিন হচ্ছে না । সরকার কখনো আইনি প্রক্রিয়ায় হস্তক্ষেপ করে না। খালেদা জিয়ার মামলায় সরকার যদি হস্তক্ষেপ করত তাহলে তিনি যেগুলো মামলায় জামিন পেয়েছেন, সেই মামলায় জামিন পেতেন না।

আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক যুগ্ম-সম্পাদক আমিনুল ইসলামের সভাপতিত্বে স্মরণসভায় আরো বক্তব্য রাখেন, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল ও এম এ হান্নানের ছেলে সৈয়দ মাহফুজুল হক প্রমুখ।