‘জিন ছাড়াতে’ গিয়ে কবিরাজের নির্যাতনে প্রাণ হারালেন গৃহবধূ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জিন ছাড়াতে গিয়ে কবিরাজের অপচিকিৎসায় এক গৃহবধূর মৃত্যু হয়েছে। ওই গৃহবধূর নাম শাহানাজ আক্তার শিখা (২৫)। উপজেলার মিজমিজি চৌধুরীপাড়া এলাকায় গত বুধবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। ওই রাতেই কবিরাজ জেসমিন ও তার স্বামী ফারুক হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ।

ওই গৃহবধূ চাঁদপুরের ফরিদগঞ্জ থানার কাউনিয়া গ্রামের হিরণ মিয়ার স্ত্রী। তিনি পরিবারের সঙ্গে ঢাকার কদমতলী এলাকায় ভাড়া থাকতেন। কবিরাজ জেসমিন চাঁদপুর জেলার মতলব থানার মান্দারতলী গ্রামের ফারুক হোসেনের স্ত্রী এবং সিদ্ধিরগঞ্জের মিজমিজি চৌধুরীপাড়া এলাকায় ভাড়া থাকেন। পুলিশ ও নিহতের পরিবারের সদস্যরা জানান, শিখা অস্বাভাবিক আচরণ করতেন। স্বজনদের ধারণা, তার ওপর জিনের আছর পড়েছে। তাই শিখাকে নিয়ে তার মা জিন ছাড়াতে কবিরাজ জেসমিনের কাছে আসেন। কবিরাজ জিন তাড়ানোর নামে শিখাকে বেধড়ক মারধর করেন। তার নির্মম নির্যাতনে ঘটনাস্থলেই শিখা মারা যান।