বিশ্বকাপ থেকে শিখর ধাওয়ানের ছিটকে পড়া নিয়ে টুইট করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নিজের দেশের ওপেনারকে সমবেদনা জানিয়ে তিনি লিখেছেন, ‘পিচ উইল মিস ইউ।’
অস্ট্রেলিয়ার বিপক্ষে সেঞ্চুরি করার পর ইনজুরিতে পড়েন ধাওয়ান। তার বাঁ হাতের বুড়ো আঙুল ভেঙে যায়। সেই ইনজুরি নিয়ে ভারতীয় দলের ম্যানেজার বলেন, ‘শিখরের বাঁ হাতের প্রথম মেটাকার্পলের গোড়ায় চিড় ধরেছে। আমরা একাধিক ডাক্তারির মত নিয়েছি। দেখা যাচ্ছে, জুলাইয়ের মাঝামাঝি পর্যন্ত এভাবেই ব্যান্ডেজ লাগানো অবস্থায় থাকতে হবে। তাই ওর পক্ষে বিশ্বকাপে আর খেলা সম্ভব হবে না।’ শুরুতে অবশ্য জানানো হয়েছিল, ধাওয়ান দুই সপ্তাহের মধ্যে ফিট হয়ে উঠবেন। কিন্তু বুধবার জানিয়ে দেওয়া হয়, তিনি বিশ্বকাপে আর খেলতে পারবেন না। এটা জানার পর আবেগপ্রবণ একটা টুইট করেছিলেন ধাওয়ান। সেই টুইট ট্যাগ করে ভারতের প্রধানমন্ত্রী লিখেছেন, ‘প্রিয় ধাওয়ান, কোনো সন্দেহ নেই যে পিচ তোমাকে মিস করবে। কিন্তু আমি আশা করি দ্রুতই তুমি সুস্থ হয়ে মাঠে ফিরবে আর দেশকে জেতাবে।’