বয়সসীমা তুলে নিয়ে আগের মত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কমিটি গঠনের দাবি মেনে নিতে বিএনপির হাইকমান্ডকে দুই দিনের আলটিমেটাম দিলেন ভেঙ্গে দেওয়া ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিক্ষুব্ধ নেতারা।
একইসঙ্গে আগামী শুক্র ও শনিবারের মধ্যে সমস্যার সমাধান না হলে সোমবার থেকে কঠোর কর্মসূচির হুমকি দিয়েছেন তারা।
বৃহষ্পতিবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি শেষে এ হুমকি দেন ছাত্রদলের বিলুপ্ত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান আসাদ।
এর আগে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টা থেকে ১টা পর্যন্ত কার্যালয়ের সামনে অবস্থান নেন বিক্ষুব্ধ ছাত্রদল নেতারা। অবস্থান কর্মসূচি চলাকালে বৃষ্টির কারণে তাদের কর্মসূচিতে কিছুটা ব্যাঘাত ঘটে। পরে আবারও তারা অবস্থান কর্মসূচি চালিয়ে যান। কর্মসূচিতে শতাধিক নেতাকর্মী অংশ নেন।
অবস্থান কর্মসূচি শেষে আসাদ উপস্থিত সাংবাদিকদের বলেন, ‘আমাদের যৌক্তিক দাবি মানতে হবে, আগামী শনিবার পর্যন্ত আমরা আল্টিমেটাম দিচ্ছি। এই সময়ের মধ্যে আমাদের দাবি মানা না হলে আগামী রোববার থেকে আমরা কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হব। আর এজন্য দলের দালাল সিন্ডিকেট দায়ি থাকবে।’
কি ধরনের কঠোর কর্মসূচি দেওয়া হবে জানতে চাইলে বিলুপ্ত কমিটির সহ-সভাপতি এজমল হোসেন পাইলট বলেন, ‘কর্মসূচির ব্যাপারে আমরা নিজেরা আলাপ-আলোচনা করে সিদ্ধান্ত নেব। কালো পতাকা প্রদর্শন, গণ-অনশনসহ শান্তিপূর্ণ কঠোর কর্মসূচি দেওয়া হবে।
উল্লেখ্য বয়সের সীমা না রাখা, স্বল্পমেয়াদী কমিটি গঠনসহ তিন দফা প্রস্তাবনার ভিত্তিতে ছাত্রদলের নতুন কমিটি গঠনের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করে আসছেন বিক্ষুব্ধ ছাত্রদল নেতারা।