অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে বিএনপির গণশিক্ষাবিষয়ক সম্পাদক মো. সেলিম ভূঁইয়ার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রাজধানীর রমনা থানায় দুদকের সহকারী পরিচালক মো. আবদুল ওয়াদুদ গতকাল এ মামলা করেন।
এজাহারে বলা হয়েছে, তিনি দুদকে যে সম্পদ বিবরণী জমা দিয়েছেন, তাতে ১ কোটি ৯ লাখ ৭৫ হাজার ৯৩২ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন। এ ছাড়া দুদক তার নামে ৪ কোটি ৪৩ লাখ ৪৮ হাজার ৪১৩ টাকার স্থাবর-অস্থাবর সম্পদের খোঁজ পেয়েছে। যার মধ্যে তিনি ১ কোটি ৩১ লাখ ৮৮৩ টাকার সম্পদের উৎস দেখাতে ব্যর্থ হয়েছেন। যা তার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ হিসেবে প্রমাণিত।
সেলিম ভূঁইয়া বিএনপি সমর্থিত শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান ও শ্যামপুরের দনিয়ার এ কে উচ্চবিদ্যালয় অ্যান্ড কলেজের সাবেক অধ্যক্ষ। ২০১৩ সালে বিভিন্ন অনিয়মের অভিযোগে তাকে কলেজ থেকে বরখাস্ত করা হয়।