গাজীপুরের শ্রীপুর উপজেলার দুম্বারিচালা এলাকায় র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে বাবুল মিয়া (৩৫) নামে এক যুবক নিহত হয়েছে। এসময় নিজেদের দুই সদস্য আহত হয়েছে বলে দাবি করেছে র্যাব।
বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে শ্রীপুর উপজেলার দুম্বারিচালা এলাকায় কথিত এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
নিহত বাবুল শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের জাহাঙ্গীরপুর গ্রামের বাসিন্দা। র্যাবের দাবি, নিহত বাবুল ডাকাত ও মাদক ব্যবসায়ী।
র্যাব-১ এর এএসপি কামরুজ্জামান জানান, বৃহস্পতিবার রাত ৩টার দিকে শ্রীপুর উপজেলার দুম্বারিচালা এলাকায় মাদক ব্যবসায়ীরা অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে র্যাব-১ এর একটি দল সেখানে অভিযান চালায়।
এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা র্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছুড়ে। র্যাবও পাল্টা গুলি ছুড়লে বাবুল মিয়া গুলিবিদ্ধ হন। তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
এএসপি কামরুজ্জামানের দাবি, গোলাগুলির সময় র্যাবের কনস্টেবল জিকরুল এবং সৈনিক কামরুল আহত হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি এবং বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
তিনি আরও জানান, নিহত বাবুল মিয়ার নামে বিভিন্ন থানায় ২৪টি মামলা রয়েছে। এগুলোর মধ্যে ১২টি মাদক এবং ৭টি ডাকাতি মামলা।