ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচটা শ্রীলঙ্কার জন্য এক কথায় বাঁচা মরার লড়াই। এই ম্যাচে হারলেই বিশ্বকাপের সেমিফাইনালে খেলার স্বপ্ন শেষ হয়ে যাবে দলটির। এমন ম্যাচে টস জিতে আগে ব্যাট করতে নেমে ভয়াবহ শুরু দ্বীপ দেশটির। মাত্র তিন রানে নেই ২ উইকেট।
এরপর অবশ্য দুটি ভালো জুটি হলো। কিন্তু ৩০তম ওভারে আদিল রশিদ পর পর ফিরিয়ে দিলেন কুশল মেন্ডিস ও জীবন মেন্ডিসকে। পর পর দুই উইকেট হারিয়ে দলটা এখন অনেকটাই পথ হারা।
এই প্রতিবেদন লেখার সময় শ্রীলঙ্কার স্কোর ৩৫ ওভার শেষে ১৫৪/৫। অ্যাঞ্জেলো ম্যাথুস ৩৫ ও ধনঞ্জয়া ডি সিলভা ১৫ রান নিয়ে এখন ব্যাট করছেন।
দশ দলের আসরে শ্রীলঙ্কার স্থান এখন ছয় নম্বরে। একটি মাত্র জয়ের সৌজন্যে তাদের সংগ্রহে চার পয়েন্ট। বৃষ্টিতে দুটি ম্যাচ পরিত্যক্ত হওয়ায় সেখান থেকে শ্রীলঙ্কা পেয়েছে দুই পয়েন্ট। শেষ চারের লড়াইয়ে টিকে থাকার জন্য প্রায় সব ম্যাচই জিততে হবে তাদের।
অন্যদিকে ইংল্যান্ড শেষ পাঁচ ম্যাচের মধ্যে চারটিতেই জয় পেয়েছে। একমাত্র পাকিস্তানের কাছে হেরেছে আয়োজক দেশ। চমকে দেওয়ার মতো পরিসংখ্যান একটাই। চলতি বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রাহক ১০ ব্যাটসম্যানের মধ্যে পাঁচজনই ইংল্যান্ডের। এই বিশ্বকাপে এখনো পর্যন্ত ডজন সেঞ্চুরি এসেছে। পাঁচটি সেঞ্চুরিই এসেছে ইংল্যান্ডের থেকে। বোঝাই যাচ্ছে শ্রীলঙ্কার জন্য ম্যাচটি কত কঠিন হবে।