শরীর ফিট রাখতে তারকাদের প্রায় প্রতিদিনই ব্যায়াম করতে হয়। ঢাকাই ছবির নায়ক-নায়িকারাও নিয়মিত ব্যায়াম করেন। মাঝে মাঝে ব্যায়ামের ছবিও শেয়ার করেন তারা। তবে ব্যায়াম করলেও যোগ ব্যায়ামে দেখা মেলে না ঢাকাই ছবির নায়ক-নায়িকাদের। সেই অদেখা দৃশ্যেরই এবার দেখা মিলল হঠাৎ করে।
২১ জুন শুক্রবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে যোগ ব্যায়াম করতে দেখা গেল ঢাকাই ছবির কয়েকজন জনপ্রিয় তারকাকে। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন, জয়া আহসান, আরিফিন শুভ, পূজা চেরি, সিয়াম আহমেদ, রোশান, আঁচল, মেহরীন, প্রাণ রায় ও শাহনেওয়াজ কাকলী।
জানা যায়, ২১ জুন ছিল ৫ম আন্তর্জাতিক যোগ দিবস। এই দিবসটি পালন করতে যোগাসনের আয়োজন করে ভারতীয় হাই কমিশন। ভারতীয় হাই কমিশনের আমন্ত্রণেই যোগ ব্যায়ামে অংশ নেন বাংলাদেশি তারকারা। প্রায় ৭ হাজার মানুষ অংশগ্রহণ করেন এতে।
যোগ ব্যায়ামে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন এবং নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। অনুষ্ঠানে ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশ স্বাগত বক্তব্য দেন।