স্মার্টফোনেই নিয়ন্ত্রণ করা যাবে এই ই-স্কুটার

বাইকপ্রেমীদের মধ্যে ই-স্কুটার নিয়ে আগ্রহ দিন দিন বেড়েই চলেছে। এবার নতুন আরেকটি ই-স্কুটার আনছে প্রস্তুতকারক সংস্থা রিভোল্ট। জুলাইয়ের শেষ নাগাদ ভারতের বাজারে এটি আত্মপ্রকাশ করতে যাচ্ছে।

আনন্দবাজার জানায়, আরভি ৪০০ নামে দুই চাকার এই বাইক ভালোই সাড়া ফেলবে বলে মনে করা হচ্ছে। কারণ ভারতে এই রকম ই-বাইক প্রথম বলে দাবি প্রস্তুতকারক সংস্থার।

রিভোল্টের দাবি, ই-বাইকটি সম্পূর্ণ এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা নির্মিত। নিয়ন্ত্রণ করা যাবে স্মার্টফোনের মাধ্যমেই। একবার চার্জ দিলেই যাওয়া যাবে প্রায় ১৫০ কিলোমিটার।

বাইকটিতে রয়েছে অ্যান্টি-থেফট, জিওফেন্সিংসহ নানা চোখ ধাঁধানো প্রযুক্তি। এতে রয়েছে এলইডি হেডলাইট এবং প্রজেক্টর বিম, যা রাতের অন্ধকারে পর্যাপ্ত আলো দিতে সক্ষম।

ইলেকট্রিক বাইকটির সামনে আর পেছনের চাকায় রয়েছে ‘অ্যালয় হুইল’। এ ছাড়া এমআরএফ জ্যাপার টায়ার যেকোনো রাস্তা স্বচ্ছন্দে পার করতে সম্ভব।

বাইকটির কনসোলে কতটা চার্জ আছে, বাইকটি কত ঘণ্টা চলেছে, স্পিডোমিটার এবং ট্র্যাকোমিটার ছাড়াও বাইকটিতে কোনো ত্রুটি দেখা দিলে তা-ও দেখাবে কনসোলে। ভারতে এই মোটরবাইকটির দাম পড়বে এক লাখ রুপি।