সিরাজগঞ্জ শহরে যাত্রীবাহী বাসের ধাক্কায় ট্রান্সফরমারসহ একটি লোহার বৈদ্যুতিক খুঁটি ভেঙে গেছে। এ ঘটনায় শহরের ওই এলাকা বিদ্যুৎবিহীন হয়ে পড়ে। গতকাল শুক্রবার ভোরের দিকে শহরের মুজিব সড়কের মুক্তাপ্লাজার সামনে এ ঘটনা ঘটে। ঘটনায় এক পথচারী নারী আহত হন। প্রায় ১০ ঘণ্টা বিদ্যুৎহীন থাকার পর দুপুরের দিকে বিচ্ছিন্ন কিছু স্থানে বিদ্যুৎ সরবরাহ চালু হলেও তা নিরবচ্ছিন্ন ছিল না বলে অভিযোগ পাওয়া গেছে। এতে শহরবাসী দুর্ভোগে পড়ে।
সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবদুল হামিম জানান, গতকাল শুক্রবার ভোরে কুড়িগ্রাম থেকে যাত্রীবাহী একটি বাস সিরাজগঞ্জ শহর হয়ে নারায়ণগঞ্জে যাওয়ার পথে ঘটনাস্থলে পৌঁছামাত্র নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। এতে ওই খুঁটি ও খুঁটির ট্রান্সফরমার ভেঙে যায়। বাসটির সামনের কাচেরও ক্ষতি হয়। বাসটি দ্রুত পালিয়ে যায়। এ সময় রানী খাতুন (৩০) নামের এক মানসিক প্রতিবন্ধী পথচারী নারী আহত হন।