সরকার দস্যুবৃত্তির নীতিতে দেশ পরিচালনা করছে: রিজভীর

আইন শৃঙ্খলা বাহিনীকে কবজায় নিয়ে সরকার দস্যুবৃত্তির নীতিতে দেশ পরিচালনা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। 

শুক্রবার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসার দাবিতে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ অভিযোগ করেন। এর আগে রিজভীর নেতৃত্বে মিছিলটি কাকরাইলের নাইটিঙ্গেল মোড় ঘুরে আবার কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মিথ্যা সাজানো মামলায় কারাবন্দী করে রাখা হয়েছে দাবি করে রিজভী বলেন, তার জামিনে বাধা সৃষ্টি করা হচ্ছে। আজ্ঞাবাহী নির্বাচন কমিশনের সহায়তায় একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগের রাতে ভোট চুরি করা হয়েছে।

এ সময় আরও বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু এবং সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল।