ভারতের হিমাচল প্রদেশে একটি বাস খাদে পড়ে অন্তত ৪৪ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে এনডিটিভি। দুর্ঘটনায় অনেকে আহত হয়েছেন। গত বৃহস্পতিবার প্রদেশের কুল্লু জেলায় এ দুর্ঘটনা ঘটে।
প্রাদেশিক কর্মকর্তারা জানান, ওই বাসে ৬০ জন যাত্রী ছিলেন। কয়েকজন ছাদেও বসেছিলেন। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায়।
কুল্লুর এ দুর্ঘটনায় গভীর দুঃখপ্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার একটি বাস হিমাচল প্রদেশের বানজার থেকে গাদাগুশানি এলাকায় যাচ্ছিল। কিছুটা যাওয়ার পর বিকেল ৪টার সময় তহশীল বাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। তারপর সোজা গিয়ে পড়ে ৫০০ মিটার নিচে খাদে। বিষয়টি দেখতে পেয়ে ছুটে এসে উদ্ধারকাজ শুরু করেন স্থানীয়রা।
ঘটনাস্থল থেকে ১২ জনের বেশি নারী, সাতজন শিশু, পাঁচ থেকে ছয়জন কিশোরী ও ১০ জন যুবককে উদ্ধার করা হয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে তাদের।
কুল্লুর পুলিশ সুপার শালিনী অগ্নিহোত্রী জানান, বানজার এলাকা থেকে ৬০ জনের বেশি যাত্রী নিয়ে গাদাগুশানি যাচ্ছিল বাসটি। কিছুটা দূর যাওয়ার পরে আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।