বহিঃসমর্পণ বিল বাতিলের দাবিতে এবার হংকংয়ের বিক্ষোভকারীরা পুলিশ সদর দপ্তর ঘেরাও করে রেখেছে বলে জানিয়েছে বিবিসি। পুলিশ বিক্ষোভকারীদের শান্তিপূর্ণ উপায়ে সদর দপ্তর এলাকা থেকে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে। বিক্ষোভকারীদের কারণে পুলিশের জরুরি সেবা ব্যাহত হচ্ছে এমন অভিযোগ করেছে হংকং পুলিশ।
গত এক সপ্তাহের বেশি সময় ধরে হংকংয়ের রাস্তায় দশ লক্ষাধিক মানুষ বিতর্কিত বহিঃসমর্পণ বিল বাতিলের দাবিতে বিক্ষোভ করছে। বিক্ষোভের একপর্যায়ে হংকং প্রশাসন বহিঃসমর্পণ বিল স্থগিতের ঘোষণা দেয়। কিন্তু বিক্ষোভকারীরা এই বিলটি পুরোপুরি বাতিলের দাবি জানায়।
বিল বাতিলে বিক্ষোভকারীদের দেওয়া সময়সীমা শেষ হওয়ার পরই মূলত পুলিশ সদর দপ্তর ঘেরাও করা হয়। গতকাল শুক্রবার সকালের দিকে বিক্ষোভকারীরা প্রথমে হংকংয়ের আইন পরিষদ ভবনের বাইরে অবস্থান নেয়। সেখান থেকে পরে পুলিশ সদর দপ্তর অভিমুখে রওনা দেয় বিক্ষোভকারীরা।
বিক্ষোভকারীদের নেতৃত্বে আছেন কারাগার থেকে সদ্য বের হওয়া জশুয়া অং। ২০১৪ সালে হংকংয়ে গণতন্ত্রপন্থিদের আমব্রেলা আন্দোলনের নেতাদের মধ্যে অং অন্যতম। গতকাল শুক্রবার এক টুইটে অং বলেন, চলতি আন্দোলনে আটককৃত সব মানুষকে অবিলম্বে মুক্তি দিতে হবে।ধ