দস্যুবৃত্তির নীতিতে দেশ চালাচ্ছে সরকার : রিজভী

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কব্জায় নিয়ে সরকার দস্যুবৃত্তির নীতিতে দেশ পরিচালনা করছে। খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে রাজধানীতে গতকাল শুক্রবার বাদ জুমা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল শেষে আয়োজিত সমাবেশে এ অভিযোগ করেন তিনি।

দুপুরে রিজভীর নেতৃত্বে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হওয়া মিছিলটি কাকরাইলের নাইটিঙ্গেল মোড় ঘুরে আবারও সেখানে এসে শেষ হয়। এরপর সংক্ষিপ্ত সমাবেশে রিজভী বলেন, ‘গণতন্ত্র পুনরুদ্ধারের আপসহীন নেত্রী খালেদা জিয়াকে মিথ্যা মামলায় অন্যায় সাজা দিয়ে অবৈধ সরকার অতিমাত্রায় বেপরোয়া ও নিষ্ঠুর হয়ে উঠেছে। বর্তমান অবৈধ শাসকগোষ্ঠী জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত করে আইনশৃঙ্খলা বাহিনীকে কব্জায় নিয়ে সম্পূর্ণরূপে দস্যুবৃত্তির নীতিতে দেশ পরিচালনা করছে।’

তিনি আরও বলেন, ‘বসন্তে যেমন কোকিলের গান বন্ধ করা যায় না, বর্ষায় যেমন বৃষ্টিকে থামানো যায় না, অগ্রহায়ণে যেমন ধান কাটা বন্ধ করা যায় না, তেমনি একজনের প্রতিহিংসা চরিতার্থ করতে দেশনেত্রীকে বন্দি করে রাখা যাবে না। জনগণের মিলিত প্রতিবাদে দেশনেত্রীর মুক্তি নিশ্চিত হবে ইনশাল্লাহ।’