রাজধানীর বাসা থেকে গৃহকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার

রাজধানীর উত্তরা পশ্চিম থানাধীন ৩ নম্বর সেক্টরের একটি বাসার বারান্দা থেকে ফাতেমা আক্তার (৪০) নামে এক গৃহকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার গভীর রাতে ফায়ার সার্ভিসের সহায়তায় গলায় ফাঁস দেওয়া অবস্থায় ফাতেমার লাশ উদ্ধার করে উত্তরা পশ্চিম থানা পুলিশ। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনাটি আত্মহত্যা নাকি হত্যা, তা নিশ্চিত হতে পারেনি পুলিশ।

উত্তরা পশ্চিম থানার এসআই সুকান্ত সাহা দেশ রূপান্তরকে জানান, গত বৃহস্পতিবার গভীর রাতে উত্তরা ৩ নম্বর সেক্টরের ১৩ নম্বর রোডের ৩/এ নম্বর ফ্ল্যাটের বারান্দার রেলিংয়ের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেওয়া ঝুলন্ত অবস্থায় ফাতেমা আক্তার নামের এক গৃহকর্মীর লাশ উদ্ধার করা হয়েছে। মরদেহের ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পরই নিশ্চিত হওয়া যাবে কীভাবে মৃত্যু হয়েছে।