বিক্ষুব্ধ ছাত্রদল নেতাদের সংবাদ সম্মেলন আজ

ছাত্রদলের নতুন কমিটি গঠনে বয়সের সীমারেখা না রাখা, স্বল্পমেয়াদি কমিটি গঠনসহ তিন দফা দাবি আদায়ে আন্দোলনরত জাতীয়তাবাদী ছাত্রদল নেতারা আজ শনিবার সংবাদ সম্মেলন করবেন। দুপুর ১২টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের চতুর্থ তলায় নিজেদের কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। গতকাল শুক্রবার দেশ রূপান্তরকে এ কথা জানিয়েছেন ভেঙে দেওয়া ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহসভাপতি এজমল হোসেন পাইলট।

পাইলট জানান, বিক্ষুব্ধ ছাত্রদল নেতাদের দাবি আদায়ের যে সংগ্রাম চলছে, তার অংশ হিসেবে এ সংবাদ সম্মেলন করবেন তারা। সংবাদ সম্মেলনে তারা দাবির সপক্ষে তাদের যুক্তি তুলে ধরবেন। এ ছাড়া পরবর্তী কর্মসূচিও ঘোষণা করতে পারেন।

এদিকে গত বৃহস্পতিবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তারা অবস্থান কর্মসূচি পালন করেন। বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনশন কর্মসূচি পালন শেষে দলের হাইকমান্ডকে দুই দিনের আলটিমেটাম দেন বিক্ষুব্ধ ছাত্রদল নেতারা। এরপর নিজেরা বৈঠক করে সংবাদ সম্মেলনের মাধ্যমে তাদের বক্তব্য তুলে ধরার সিদ্ধান্ত নেন। বিক্ষুব্ধ ছাত্রদল নেতাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলেও জানান পাইলট।॥