ঘরোয়া ফুটবলে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফিরতি পর্বের খেলা চলছে। কিন্তু এরই মধ্যে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আগামী ঘরোয়া মৌসুমের দলবদল ও খেলার সময়সূচি নির্ধারণ করেছে। আগামী ১৬ আগস্ট থেকে দলবদল শুরু হয়ে চলবে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। আর ২১ সেপ্টেম্বর শুরু হবে ফেডারেশন কাপ। সূচিতে নতুন মৌসুমের বিপিএল শুরু হবে চলতি বছরের ডিসেম্বরে। শেষ হবে আগামী মে মাসে।
আগামী ৩১ জুলাই চলতি লিগ শেষ করতে চায় বাফুফে। গতকাল বাফুফের নির্বাহী কমিটির সভা শেষে সিনিয়র সহসভাপতি আবদুস সালাম মুর্শেদী সংবাদমাধ্যমকে বলেছেন, ‘আমরা আগেই আগামী মৌসুমের ঘরোয়া ফুটবলের সূচি নির্ধারণ করেছি। যেন ক্লাবগুলোর সুবিধা হয়। তবে এজন্য চলমান লিগের খেলাগুলো ৩১ জুলাইয়ের মধ্যে শেষ করার অনুরোধ এসেছে। ক্লাবগুলোই অনুরোধ করেছে। সামনে অনেক খেলা আছে। এতে করে সমন্বয় করে চালানো যাবে। তবে প্রয়োজনে ক্লাবগুলোর সঙ্গে কথা বলে সূচি কিছুটা রদবদল হতে পারে।’
সম্প্রতি জাতীয় বাজেটে ফুটবলের জন্য ২০ কোটি টাকা বিশেষ বরাদ্দের প্রস্তাব রাখা হয়েছে। কাজী নাবিল আহমেদ এই বরাদ্দের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালকে ধন্যবাদ দিয়ে বলেছেন, ‘এই অর্থ বরাদ্দের জন্য আমরা প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানাই। সরকারের কাছে কৃতজ্ঞ। এই অর্থ জাতীয় দল, মহিলা দল ও ডেভেলপমেন্টের পেছনে ব্যয় হবে।’