ধর্ষকদের বিরুদ্ধে জিরো টলারেন্সের আহ্বান

ধর্ষণের বিচার বিলম্বিত বা উপেক্ষিত হওয়ার কারণে মানুষের মধ্যে বিচারব্যবস্থার প্রতি আস্থার সংকট সৃষ্টি হয়েছে। এ জন্য দ্রুত বিচার আইনে ধর্ষণের বিচার নিশ্চিত করতে হবে। এ ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোকে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে। গতকাল শুক্রবার নগরীর বিএমএ মিলনায়তনে নারীর নিরাপত্তা ও অধিকারবিষয়ক নারী কনভেনশনে একাধিক বক্তা এ কথা বলেন। বেসরকারি সংগঠন জনউদ্যোগ খুলনা এ কনভেনশনের আয়োজন করে।

কনভেনশনে প্রধান অতিথির বক্তৃতায় খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেক বলেন, ‘সরকার নারীর ক্ষমতায়ন করার জন্য কাজ করে যাচ্ছে। সকল ক্ষেত্রে নারীকে মূল্যায়ন করছে সরকার। তবে প্রয়োজনে নারীদের সর্বক্ষেত্রে এগিয়ে আসতে হবে।’ বিশেষ অতিথির বক্তৃতায় খুলনা মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (উত্তর) সোনালী সেন বলেন, ‘প্রমাণের অভাবে ধর্ষণকারীরা রেহাই পাচ্ছে।’ 

নারীর নিরাপত্তা ও অধিকারবিষয়ক খুলনা ঘোষণা পাঠ করেন  জনউদ্যোগের মো. আসাদুজ্জামান। ধন্যবাদ জ্ঞাপন করেন জনউদ্যোগ খুলনার সদস্য সচিব মহেন্দ্রনাথ সেন। ধারণাপত্র পাঠ করেন নারীনেত্রী সুতপা বেদজ্ঞ।