দোহাজারীতে সওজের ৫০ কোটি টাকার ভূ-সম্পত্তি উদ্ধার

দোহাজারী সড়ক বিভাগের আওতাধীন দোহাজারী সাঙ্গু নদী সেতু সংলগ্ন স্থানে ক্রস বর্ডার রোড নেটওয়ার্ক ইমপ্রুভমেন্ট প্রজেক্ট বাস্তবায়নের জন্য অধিগ্রহণকৃত ভূমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

গত বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত অভিযান পরিচালনা করে সড়ক ও জনপথ বিভাগ দোহাজারী পৌরসদর, বোটঘাটা ও বিওসি মোড় এলাকায় মহাসড়কের দুই পাশের কাঁচা, পাকা ও সেমিপাকা ১৫০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

এতে সওজের সাড়ে তিন একর ভূ-সম্পত্তি উদ্ধার করা হয়। যার বর্তমান বাজার মূল্য প্রায় ৫০ কোটি টাকা বলে জানা গেছে।

অভিযানে নেতৃত্ব দেন  সড়ক ও জনপথ বিভাগের (সওজ) নির্বাহী ম্যাজিস্ট্রেট মনোয়ারা বেগম।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সড়ক ও জনপথ বিভাগ দোহাজারীর নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জাহেদ হোসেন, উপ বিভাগীয় প্রকৌশলী তাহসিনা বিনতে ইসলাম, ক্রস বর্ডার রোড নেটওয়ার্ক ইমপ্রুভমেন্ট প্রজেক্টের উপ প্রকল্প পরিচালক আশিক কাদির, ব্যবস্থাপক মো. কোরাইশিন, উপসহকারী প্রকৌশলী মো. নাজিম উদ্দীন, সার্ভেয়ার মোক্তাদির মাওলা ও মাজিদ মো. কামরুল হাসান।

চন্দনাইশ থানার ওসি (তদন্ত) মাহবুবুল আলম আকন্দ, উপ-পরিদর্শক (এসআই) শরিফ উদ্দিন, চট্টগ্রাম পুলিশ লাইনের উপপরিদর্শক (এসআই) খায়ের, সাতকানিয়া থানার উপপরিদর্শক (এসআই) নজরুল, দোহাজারী তদন্ত কেন্দ্রের সহকারী উপপরিদর্শক (এএসআই) আতিকুর রহমানসহ ৫০ জন পুলিশ সদস্য এবং চন্দনাইশ ফায়ার সার্ভিসের একটি দল।