আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে ভারত

বিশ্বকাপে ভারত তাদের পঞ্চম ম্যাচে মুখোমুখি তুলনামূলক কম শক্তিশালী আফগানিস্তানের। সাউদাম্পটনের রোজবোলে এই লড়াইয়ে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি।

এই লড়াইয়ে জিতে সেমি-ফাইনালের পথ আরো সহজ করার লক্ষ্য ভারতের। তবে আসরে প্রথম জয়ের লক্ষ্যে নিজেদের সর্বোচ্চটা দিয়েই লড়তে চাইবে আফগানিস্তান।

চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত অপরাজিত বিরাট কোহলির দল। তাদের খেলা চারটি ম্যাচের একটি ভেসেছে বৃষ্টিতে। পাওয়া গেছে এক পয়েন্ট। বাকি ৩ ম্যাচে দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া আর পাকিস্তানকে হারিয়ে সুবিধাজনক অবস্থানে রয়েছে দুবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

ইনজুরিতে ছিটকে গেছেন টিম ইন্ডিয়ার ওপেনার ব্যাটসম্যান শিখর ধাওয়ান। তার জায়গায় ডাক পেয়েছেন রিশভ পন্ত ডাক পেলেও একাদশে জায়গা হয়নি। রোহিত শর্মার সঙ্গে ওপেনিংয়ে নামবেন লোকেশ রাহুল।দারুণ ফর্মে রয়েছেন রোহিত। তিন ম্যাচে করেছেন ৩১৯ রান। যার মধ্যে রয়েছে দুটি শতক ও একটি অর্ধশতক। অবশ্য সেঞ্চুরি মেশিন খ্যাত বিরাট কোহলি শতকের দেখা এখনো না পেলেও তুলে নিয়েছেন দুটি অর্ধশতক।

অন্যদিকে উঠতি আফগানিস্তানের অবস্থা একেবারেই নড়বড়ে। পাঁচ ম্যাচ খেলে জয়তো দূরের কথা, ঠিকমতো দাঁড়াতেই পারেনি প্রতিপক্ষের সামনে। তাদের লক্ষ্য তাই পরিষ্কার। সম্মানজনক হার। দলটার বড় শক্তি স্পিনে। কিন্তু এখনো চেনা ছন্দে দেখা যায়নি বিশ্ব আসরের নবাগতদের। উইকেটে যেনও ঘূর্ণি মায়াজাল বিছাতে না পারেন মোহাম্মদ নবী ও রশিদ খানরা- সে বিষয়ে বাড়তি সতর্ক থাকবে ভারত।

বিশ্বকাপে এর আগে কখনও ভারত আফগানিস্তান মুখোমুখি হয়নি। একদিনের ক্রিকেটে এখনও পর্যন্ত দল দুটি মাত্র দুটি ম্যাচ খেলেছে। দুইবারই এশিয়া কাপে - ২০১৪ ও ২০১৮ সালে। ২০১৪ সালে ভারত জিতেছিল। কিন্তু, ২০১৮ সালে টানটান উত্তেজনায় ভরা ম্যাচ শেষ পর্যন্ত টাই হয়। যদিও সেই ম্যাচে ভারতের প্রথম দলের অনেকেই খেলেননি।

সাউদাম্পটনের রোজ বোলের সাধারণত ব্যাটং সহায়ক। ভারত অবশ্য দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে সমস্যায় পড়েছিল। বল পড়ে মন্থর হয়ে যাচ্ছিল। আশার কথা হচ্ছে, ম্যাচটিতে একেবারেই বৃষ্টির সম্ভাবনা নেই। ঝকঝকে রোদ থাকবে।

ভারত একাদশ: লোকেশ রাহুল, রোহিত শর্মা, বিরাট কোহলি (অধিনায়ক), বিজয় শঙ্কর, মহেন্দ্র সিং ধোনি (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, কেদার যাদব, মোহাম্মদ শামি, যুজবেন্দ্র চাহাল ও জাসপ্রিত বুমরাহ

আফগানিস্তান একাদশ: হযরতউল্লাহ জাজাই, গুলবাদিন নায়েব (অধিনায়ক), রহমত শাহ, হাশমতউল্লাহ শহিদি, আজগর আফগান, মোহাম্মদ নবি, নাজিবুল্লাহ জাদরান, ইকরাম আলিখিল (উইকেটকিপার), রশিদ খান, আফতাব আলম ও মুজিব উর রহমান