অনলাইনে ফোন অর্ডার দিয়ে সাবান পাওয়ার মতো ঘটনা বাংলাদেশে হরহামেশা ঘটছে। কিন্তু যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় যেটি ঘটল, সেটি বিরলতম।
অনলাইনের নিলামে এক ব্যক্তি বাড়ি কিনে দারুণভাবে প্রতারিত হয়েছেন। বাড়ির ছবি দেখে নিলামে অংশ নেন ওই ব্যক্তি। সেখানে ৭ লাখ টাকায় ‘বাড়ি’র মালিকানা পান। কিন্তু কাগজপত্র হাতে পাওয়ার পর বুঝতে পারেন, তিনি আসলে বাড়ির সামনে ১০০ ফুট লম্বা এক টুকরো জমি কিনেছেন, যে জায়গা শুধু ঘাসে ভরা। আর ওই ঘাসের দাম সর্বোচ্চ হাজার চারেক টাকা!
প্রতারিত ওই ব্যক্তির নাম কারভেলি হলনেস। স্থানীয় প্রশাসনের কাছে জমি বিক্রির ওই সংস্থার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন তিনি।
কর্মকর্তারা বলছেন রাজ্যের ভূমি আইন অনুযায়ী কারভেলি জমির দাম ফেরত চাইতে পারেন না। কারণ ছবি দেখে তিনি নিজে জায়গা চিনতে ভুল করেছেন। ১০০ ফুট জায়গার পরিবর্তে তিনি গোটা বাড়িকে বিক্রয়যোগ্য মনে করেছেন।